২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কার্যালয়ে বসে খালেদার মোনাজাত

টঙ্গী বিশ্ব ইজতেমা প্রাঙ্গনে না গেলেও গুলশানে কার্যালয়ে নিজের চেম্বারে বসে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 11:49 AM

Updated : 25 Apr 2022, 12:53 PM

টেলিভিশনের সামনে বসে সরাসরি সম্প্রচার দেখে বিএনপি চেয়ারপারসন আখেরি মোনাজাতে অংশ নেন বলে তার প্রেস সচিব মারুফ কামাল খান জানিয়েছেন।

এ সময়ে তার সঙ্গে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ কয়েকজন মহিলা নেত্রী ছিলেন।

গত বছর টঙ্গীতে বাটা কারখানার কাছে একটি ভবনের ছাদে বসে আখেরি মোনাজাত অংশ নিয়েছিলেন খালেদা জিয়া।

এবার মুসলমানদের অন্যতম বৃহৎ এই সম্মিলন উপলক্ষে বিএনপির প্রতি অবরোধ প্রত্যাহারের আহ্বান থাকলেও তা হয়নি।

লাগাতার অবরোধের মধ্যে নিজের কার্যালয়ে ‘অবরুদ্ধ’ অবস্থায় আখেরি মোনাজাতে অংশ নিলেন বিএনপি নেত্রী।

পুলিশি বাধায় ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবসের’ কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে সোমবার বিকালে এই অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন।