২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধে ঢাকায় পুড়েছে ১০ গাড়ি, ভাংচুর-আগুন মহাসড়কেও

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধের পঞ্চম দিনে রাজধানীতে অন্তত ১০টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে, এর মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এক উপদেষ্টার গাড়িও রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

ও জেলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2015, 11:55 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

পুরনো খবর:

স্বাভাবিক হচ্ছে যান চলাচল
শাহবাগে বাসে আগুন
রাজধানীতে বাসে আগুনে একজন দগ্ধ
দশ গাড়িতে আগুন, দগ্ধ ৩

এদিকে আইন শৃংঙ্খলাবাহিনীর সতর্ক অবস্থানের মধ্যে বিভিন্ন স্থানে মহাসড়কে আগুন দেওয়া হয়েছে অন্তত ছয়টি গাড়িকে, এছাড়া ভাংচুর হয়েছে বেশ কয়েকটি।

অবরোধের শুরু থেকেই বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ঘটছে। পুলিশ এজন্য অবরোধকারীদের দায়ী করলেও বিএনপির দাবি, সরকারই এই নাশকতা চালাচ্ছে।

রাজধানীতে বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগের খবর পেলেই অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা গিয়ে তা নেভাচ্ছে।

শনিবার সকাল থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত ঢাকায় নয়টি গাড়িতে আগুন দেওয়ার খবর জানান এই বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ভজন সরকার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানানোর আধা ঘণ্টার মধ্যে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে পোড়ানো হয় তার উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদের গাড়ি।

গত ৫ জানুয়ারি খালেদা জিয়া লাগাতার অবরোধ ডাকার দুদিন আগে থেকে কার্যালয়ের সামনে ব্যারিকেড দেয় পুলিশ। ওই ব্যারিকেডের আগে গাড়ি রেখে খালেদার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সাবিহউদ্দিন।

সাবিহউদ্দিনের গাড়িচালক ফারুক হোসেন সাংবাদিকদের বলেন, মোটর সাইকেলে আসা তিন যুবক পেট্রোল ঢেলে গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়।   

রাত পৌনে ৯টায় বারিধারায় একটি বাসে আগুন দেওয়া হয়। তার কিছু সময় আগে মিরপুর ১ নম্বরে একটি এবং শনির আখড়ায় আরেকটি বাসে অগ্নিসংযোগ হয়।

রাত ৮টায় কাকরাইলে একটি কভার্ড ভ্যানে এবং যাত্রাবাড়ীর সাইন বোর্ড এলাকায় একটি কভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়।

সন্ধ্যা ৬টার দিকে শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রধান ফটকের কাছে গুলিস্তান থেকে মিরপুরগামী বেলাল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

দুপুর সাড়ে ১২টায় দক্ষিণ বনশ্রীতে একটি বাসে আগুন দেওয়া হয়। এর আগে সকাল ৭টার দিকে তেজগাঁও মহিলা কলেজের সামনে পেট্রোল বোমা ছুড়ে একটি বাসে আগুন দেওয়া হয়, যাতে রিকশাচালক এক বাসযাত্রী দগ্ধ হন।

সকাল ৮টায় মতিঝিল এলাকায় সোনালী ব্যাংকের কর্মকর্তাদের বহনের কাজে ব্যবহার হওয়া একটি বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

শুক্রবারও রাজধানীতে ১০টি যানবাহনে আগুন দেওয়া হয়। বৃহস্পতিবার আগুন দেওয়া হয় তিনটি বাসে।

তার আগে মঙ্গলবার রাজধানীতে আগুন দেওয়া হয় ছয়টি গাড়িতে। বুধবার সারাদিন মোটামুটি শান্ত থাকলেও সন্ধ্যার পরপরই চারটি বাস পোড়ানো হয়।

সাভার: ঢাকা-আরিচা মহাসড়কে সুতিপাড়া বাস স্ট্যান্ডের কাছে শনিবার রাতে একটি যাত্রীবাহী বাস ভাংচুরের পর আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা।

ধামরাই থানার ওসি ফিরোজ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত আনুমানিক ৮টার দিকে নিরাপদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মানিকগঞ্জ যাওয়ার পথে সুতিপাড়া বাস স্ট্যান্ডের কাছে কিছু যুবক প্রথমে ভাংচুর করে। পরে বাস থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাসটি পুড়ে যায়।

দিনাজপুর: কাহারোল, চিরিরবন্দর ও সদর উপজেলায় অন্তত পাঁচটি ট্রাকে আগুন দেওয়া হয়। ভোরে রানীরবন্দরে দুটি ট্রাক ও একটি ট্যাংকলরিতে আগুন ধরানো হয়।

দিনাজপুর-পঞ্চগড় সড়কের কান্তনগর মোড় নামক স্থানে একটি আলু বোঝাই ট্রাকে দুর্বৃত্তরা আগুন দেয়। কাহারোল থানার ওসি পৃথ্বিশ কুমার রায় জানান, এতে চালকের সহকারী আবুল কালাম (৩২) অগ্নিদগ্ধ হন, তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জয়পুরহাট: শনিবার রাত ৯টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় একটি রডবোঝাই ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা।

জয়পুরহাট সদর থানার ওসি আব্দুর রশিদ জানান, খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি ।

Image
ফেনীতে কভার্ড ভ্যানে অগ্নিসংযোগ

ফেনীতে কভার্ড ভ্যানে অগ্নিসংযোগ

Image
দিনাজপুরে পুড়িয়ে দেওয়া ট্রাক

দিনাজপুরে পুড়িয়ে দেওয়া ট্রাক

ফেনী: শনিবার কয়েক দফায় অন্তত ৪০টি গাড়ি ভাংচুর এবং দুটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকার নাসির মেমোরিয়াল কলেজের সামনে একটি বাসসহ কয়েকটি যানবাহন এবং শহরের সেন্ট্রাল হাই স্কুল মোড়ে ১০/১২টি অটোরিকশাসহ অন্তত ১৫টি গাড়ি ভাংচুর করেছে অবরোধকারীরা।

সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় কভার্ড ভ্যান ও পিকআপ ভ্যানে আগুন দেয় অবরোধকারীরা। এ সময় মহাসড়কে চলাচলকারী ছোট-বড় অন্তত ২০টি গাড়ি ভাংচুর করে তারা।

লক্ষ্মীপুর: সকালে লক্ষ্মীপুর-রামগতি সড়কের মিয়া রাস্তার মাথা এলাকায় চার-পাঁচটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে চার-পাঁচটি গাড়ি ভাংচুর করে জামায়াত-শিবিরকর্মীরা।

একই সময় লক্ষ্মীপুর-রায়পুর সড়কের বাস টার্মিনাল এলাকায় ঝটিকা মিছিল বের করেন অবরোধকারীরা। পুলিশ তাদের লাঠিপেঠা করে ছত্রভঙ্গ করে দেয় বলে জেলার সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া জানান।