শাহবাগে বাসে আগুন
বিএনপির অবরোধের মধ্যে সন্ধ্যায় রাজধানীর শাহবাগে একটি বাসে আগুন দেওয়া হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রধান ফটকের কাছে গুলিস্তান থেকে মিরপুরগামী বাহন পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কারো হতাহতের খবর পাওয়া যায়নি বলে শাহবাগ থানার এসআই মাহফুজুর রহমান জানিয়েছেন।
এর আগে সকাল ৭টার দিকে তেজগাঁও মহিলা কলেজের সামনে পেট্রোল বোমা ছুড়ে একটি বাসে আগুন দেওয়া হয়, যাতে রিকশাচালক এক বাসযাত্রী দগ্ধ হয়েছেন।
বিএনপি প্রধান খালেদা জিয়া গত সোমবার বিকালে অবরোধের ডাক দেওয়ার পর থেকেই ঢাকায় বিক্ষিপ্তভাবে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। আগের দিন শুক্রবারও রাজধানীতে দশটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে; দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনজন।
তার আগে মঙ্গলবার রাজধানীতে আগুন দেওয়া হয় ছয়টি গাড়িতে। বুধবার সারা দিন পরিস্থিতি মোটামুটি শান্ত থাকলেও সন্ধ্যার পরপরই চারটি বাস পোড়ানো হয়। বৃহস্পতিবার আগুন দেওয়া হয় তিনটি বাসে।
