দশ গাড়িতে আগুন, দগ্ধ ৩
বিএনপির লাগাতার অবরোধের মধ্যে শুক্রবারও রাজধানীতে দশটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে; দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনজন।
রাতে মোহাম্মদপুর এলাকায় একটি বাসে দেওয়া অবরোধকারীদের আগুনে দগ্ধ হয়েছেন এক মসজিদের মুয়াজ্জিন ও খাদেম। আর মগবাজারে পুড়েছেন এক প্রাইভেটকারের চালক।
তাদের তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া দুপুরের পর থেকে তেজগাঁওয়ে একটি বাস ও একটি কভার্ড ভ্যান, পোস্তাগোলায় একটি প্রাইভেট কার, ধোলাইখালে একটি পিকআপ ভ্যান এবং মিরপুর কালসি রোড, বিজয়নগর, মিরপুর স্টাফ কলেজের কাছে ও মধুমিতা হলের সামনের রাস্তায়ও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রাতে গাবতলী থেকে কামারাঙ্গীর চরে যাওয়ার পথে মোহাম্মদপুরে ঢাকা উদ্যানের কাছে আক্রান্ত হয় সোহান পরিবহনের একটি বাস। দগ্ধ হন ওই বাসের যাত্রী কামরাঙ্গীর চরের এক মসজিদের মুয়াজ্জিন আব্দুল গফুর (৩০) ও খাদেম মিজানুর রহমান (৩২)।
আগুনে গফুরের দুই পা ও মিজানুরের হাঁটু ও হাত জলসে গেছে বলে হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন।
প্রায় একই সময় পেট্রোল বোমায় দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন প্রাইভেটকার চালক আবুল কালাম।
গাড়ির মালিক রাজু আহমেদ হাসপাতালে সাংবাদিকদের বলেন, মগবাজার আগোরার সামনে রাস্তার পাশে দাঁড় করানো তার গাড়িতে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়লে আগুন ধরে যায়। এতে গাড়িতে থাকা কালাম দগ্ধ হন।
কালামের বুক ও মুখ আগুনে ঝলসে গেছে বলে মোজাম্মেল হক জানান।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত অপারেটর মো. ফারহাদুজ্জামান জানান, রাত সোয়া ৮টার দিকে দুর্বৃত্তরা ধোলাইখাল এলাকায় একটি পিকআপে আগুন দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তেজগাঁও এলাকায় বলাকা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা তা নিভিয়ে ফেলেন।
এছাড়া বিকাল ৩টার দিকে তেজগাঁও বিজি প্রেসের কাছে একটি কভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়।
দুপুর ১টার দিকে পোস্তাগোলা রেললাইনের পাশে একটি প্রাইভেটকার পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
এসব ঘটনায় কেউ হতাহত হননি বলে ফারহাদুজ্জামান জানান।
এছাড়া রাতে মিরপুরের কালসি রোডে, স্টাফ কলেজের সামনে, বিজয়নগর ৭১ হোটেলে সামনে এবং মধুমিতা সিনেমা হলেন সামনে একটি করে বাসে আগুন দেওয়া হয় বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।
বিএনপি প্রধান খালেদা জিয়া গত সোমবার বিকালে অবরোধের ডাক দেওয়ার পর থেকেই ঢাকায় বিক্ষিপ্তভাবে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।
মঙ্গলবার আগুন দেওয়া হয় ছয়টি গাড়িতে। বুধবার সারা দিন পরিস্থিতি মোটামুটি শান্ত থাকলেও সন্ধ্যার পরপরই চারটি বাস পোড়ানো হয়। বৃহস্পতিবার আগুন দেওয়া হয় তিনটি বাসে।
