২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাভাবিক হচ্ছে যান চলাচল

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের লাগাতার অবরোধের পঞ্চম দিনে বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী বাস ছেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2015, 04:39 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

পুরনো খবর:

অবরোধ ভেঙে সচল মহাসড়ক

অবরোধে মহাসড়কে গাড়ি বের করে কেউ ক্ষতিগ্রস্ত হলে সরকারের তরফ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের আশ্বাসের পরদিন শনিবার বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে বাস ছাড়া হয়েছে।

রাজধানীর দারুস সালাম থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গাবতলী থেকে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব রুটে বাস চলাচল করছে। চালকরা এখনো কোনো সমস্যার কথা পুলিশকে জানায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিবহন কর্মকর্তা বলেন, “গাড়ি বন্ধ থাকলে প্রতিদিন চালককে ৩০০ টাকা এবং সুপারভাইজার ও হেলপারকে ২০০ করে টাকা দিতে হয়। গাড়ি না চালিয়ে কতদিন এভাবে ৭০০ করে টাকা দেওয়া যায়?

“পাঁচ দিন তো হয়ে গেল, আর কত? অধৈর্য হয়ে আমরা গাড়ি চালাচ্ছি।”

এছাড়া স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ক্ষতিপূরণের আশ্বাসও এ সিদ্ধান্ত নিতে কাজ করেছে বলে জানান তিনি।

বেসরকারি ইউনিক পরিবহনের মহাব্যবস্থাপক আব্দুল হক জানান, শুক্রবার দুপুর থেকে তারা দূর পাল্লার বাস ছাড়ছেন।

আগের দিন বিকেলে হবিগঞ্জে সিলেট-ঢাকা রুটের একটি বাসে দুর্বৃত্তরা ঢিল ছুড়লে চালক সামান্য আহত হন। এছাড়া রাত ২টার দিকে কুমিল্লা রেললাইন এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি বাসে দুর্বৃত্তরা ঢিল ছুড়লে গাড়ির কাচ ভেঙে যায়।

এর বাইরে আর কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছেন আব্দুল হক।

অবরোধের আগের কয়েক দিনের মতো শনিবারও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিইউটিএ) পরিবহন পরিদর্শক হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নৌ রুটে যান চলাচলে কোনো অসুবিধা হচ্ছে না।

সকাল ১০টা পর্যন্ত সদরঘাট থেকে ১০টি লঞ্চ দেশের দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং বিভিন্ন জায়গায় থেকে আসা ৪৩টি লঞ্চ ঘাটে ফিরেছে বলে জানান তিনি।

লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। কুমিল্লার নাঙ্গলকোটে রেললাইনের একটি অংশ কেটে ফেলায় সকালে কয়েক ঘণ্টা ঢাকার সঙ্গে চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ থাকে।

বেলা পৌনে ১১টার দিকে লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধার রেললাইন মেরামতের ফের ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়।

এছাড়া আর কোথাও ট্রেন যোগাযোগে কোনো বিঘ্ন ঘটেনি বলে ঢাকা রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ জানিয়েছেন।

এদিকে অবরোধের মধ্যে শনিবারও ঢাকা, চট্টগ্রামসহ দেশের প্রধান প্রধান শহরগুলোতে যান চলাচল স্বাভাবিক সময়ের মতোই রয়েছে।