২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধ ভেঙে সচল মহাসড়ক

বিএনপির লাগাতার অবরোধের মধ্যেই কড়া নিরাপত্তায় দূরপাল্লার যানবাহন চলাচল শুরু হয়েছে দেশের বিভিন্ন স্থানে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2015, 01:53 AM

Updated : 12 Oct 2022, 03:09 PM

শুক্রবার সকাল থেকে রাজশাহী, সিলেট, বগুড়া, কুড়িগ্রাম এবং বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে রাজধানীর পথে যাত্রীবাহীবাস ও পণ্যবাহী ট্রাক চলাচলের খবর দিয়েছেন আমাদের জেলা প্রতিনিধিরা।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত সারা দেশে বিজিবি ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার পাহারায় ২ হাজার ৭ শ’ বাস, ট্রাক, কভার্ড ভ্যান ও অন্যান্য যানবাহন ‘নিরাপদে’ চলাচল করেছে বলে সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে। 

পরিবহন মালিক ও শ্রমিকদের ‘নির্ভয়ে’ গাড়ি চালানোর আহ্বান জানিয়ে নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা  দেয়া হবে।

অবরোধে মহাসড়কে গাড়ি বের করে কেউ ক্ষতিগ্রস্ত হলে সরকারের তরফ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও মালিক-শ্রমিকদের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

৫ জানুয়ারি ঢাকায় সমাবেশ করতে না পেরে নিজের কার্যালয়ে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ওইদিনই সারাদেশে লাগাতার এই অবরোধের ঘোষণা দেন। শুক্রবার থেকে শুরু হওয়া বিশ্ব ইজতেমার কথা বিবেচনা করে অবরোধ প্রত্যাহারের আবেদন জানানো হলেও তাতে তার সাড়া মেলেনি। 

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

রাজশাহী

উত্তরের জেলা রাজশাহী থেকে শুক্রবার বেলা ১১টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে চারটি বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে ঢাকাগামী চারটি বাস একসঙ্গে রাজশাহী থেকে ছাড়া হয়।

“বাস চারটির আগে ও পরে গাড়ি নিয়ে পুলিশ পাহারার পাশাপাশি সড়কে র্যা ব ও বিজিবির টহল জোরদার ছিল।"

এছাড়া রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ,  নওগাঁ ও নাটোরের আন্তঃজেলা পথে পুলিশের পাহারায় প্রথমে তিনটি বাস ছাড়া হয়। পরে এসব জেলায় নিরাপত্তা দিয়ে যানবাহন পারাপার হয় বলে ইফতে খায়ের জানান।

বেনাপোল

অবরোধ ঘোষণার পর মহাসড়কে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের কারণে নিরাপত্তাহীনতায় দিনের বেলায় বেনাপোল থেকে বাস চলাচল বন্ধ থাকলেও ইজতেমাগামী মানুষদের ভোগান্তির কথা চিন্তা করে মঙ্গলবার থেকে রাতে বাস চালাচ্ছিলেন পরিবহন মালিকরা।

শুক্রবার সকাল থেকে সেখানে দিনের বেলাতেও দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের বাস ছেড়েছে।

শার্শার ওসি শাহিদার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যশোর-বেনাপোল, যশোর-সাতক্ষীরা এবং ঢাকা ও চট্টগ্রামগামী দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়েছে। অবরোধের মধ্যে বাড়তি নিরাপত্তার জন্য মহাসড়কের কয়েকটি স্থানে পুলিশের টহল চলছে।

সকাল থেকে ঈগল, হানিফ, সোহাগসহ সব পরিবহনের বাসই ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশ্যে বেনাপোল ছেড়ে গেছে বলে ঈগল পরিবহনের বেনাপোল কাউন্টারের ব্যবস্থাপক এম আর রহমান জানান।

চট্টগ্রাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিলাসবহুল কিছু বাস ছাড়া প্রায় সব ধরনের যাত্রীবাহী বাস এবং পণ্যবাহী কভার্ড ভ্যান চলাচল শুরু হয়েছে।

অবরোধ ঘোষণার পর তিনদিন এ মহাসড়কে যানবাহন কম চললেও বৃহস্পতিবার রাত থেকে সব ধরনের যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে বলে পুলিশ ও বাস মালিকরা জানিয়েছেন।

মহাসড়ক পুলিশের বার আউলিয়া ফাঁড়ির পরিদর্শক সৈয়দ জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত থেকে সড়কে বিভিন্ন যানবাহনের সংখ্যা বেড়েছে।

"সোমবার থেকে রাতের বেলায় পুলিশ পাহারায় যান চলাচল করলেও বৃহস্পতিবার থেকে পাহারার অপেক্ষা না করেই চলছে যানবাহন।"

তৈরি পোশাক প্রস্তুতকারকদের সংগঠন বিজিএমইএ রপ্তানিপণ্যবাহী যানবাহন চলাচলে সহায়তা চাইলে সেগুলো পুলিশি পাহারায় চট্টগ্রাম পার করে দেওয়া হচ্ছে।

আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি কফিল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিরাপত্তার কারণে বিলাসবহুল বাসে যাত্রীর অভাব ধাকায় সেগুলো চলছে না। তবে যাত্রী পেলে এসব বাসও চলবে।”

চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. সৈয়দ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সামগ্রিক অবস্থা বিবেচনায় এ নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে।”

সিলেট

ঢাকা-সিলেট মহাসড়কেও বিলাসবহুল বাসগুলো ছাড়া অন্য সব ধরনের পরিবহন আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় চলাচল শুরু  করেছে বলে দক্ষিণ সুরমা আন্তঃজেলা বাস টার্মিনালে দায়িত্ব পালন করা দক্ষিণ সুরমা ফাঁড়ির এসআই শফিকুল ইসলাম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তাই চলাচলে অসুবিধা হচ্ছে না।”

হানিফ এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মাহফুজুর রহমান সোহেল বলেন, অবরোধের মধ্যেও যানবাহন চলাচলে অসুবিধা হচ্ছে না। সকালে টার্মিনাল ছেড়ে যাওয়া বাসগুলো নির্বিঘ্নে ঢাকায় পৌঁছেছে।”

বগুড়া

বগুড়া থেকে দূরপাল্লার বাস-ট্রাক চলাচল শুরু হয়েছে শুক্রবার বিকাল থেকে।

জেলার সার্কিট হাউজে প্রশাসনের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিকদের বৈঠকের পর বিকাল সোয়া ৩টার দিকে ৫/৭টি বাস একসঙ্গে বগুড়া কোচ টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়।

জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস, পুলিশ সুপার মোজাম্মেল হক,  মহাসড়ক পুলিশ কর্মকর্তা,  র্যা ব, বিজিবির প্রতিনিধিসহ পরিবহন মালিক-শ্রমিক নেতারা ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আশ্বাস পেয়ে যানবাহন চলাচল শুরু করেছেন বলে বাস-ট্রাক মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা জানান।

কুড়িগ্রাম

কুড়িগ্রামের নয় উপজেলার অভ্যন্তরীণ পথে এবং ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাত্রী ও পণ্যবাহী যান চলাচল শুরু হয়েছে অবরোধের মধ্যেও।

শুক্রবার দুপুরে জেলা প্রশাসক এবিএম আজাদের সভাপতিত্বে এক জরুরি বৈঠকে প্রশাসনের বিশেষ নিরাপত্তায় যানবাহন চলাচলের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ, কুড়িগ্রাম বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকির হোসেন, জেলা মটর মালিক গ্রুপের সভাপতি পনির উদ্দিন আহমেদ এ সভায় উপস্থিত ছিলেন।

সভা শেষে জুমার নামাজের পর জেলা তথ্য অফিসের উদ্যোগে শহরে এবং ইউএনওদের উদ্যোগে সব উপজেলায় মাইকিং করে যানবাহন চলাচলের ঘোষণা দেওয়া হয়। এর পরপরই শুরু হয় যানবাহন চলাচল।

জেলা প্রশাসক এবিএম আজাদ বলেন, দূরপাল্লার যানবাহনের বহরে পুলিশ, র্যা ব ও বিজিবির বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পুলিশি টহল বাড়ানো হয়েছে।