রাজধানীতে বাসে আগুনে একজন দগ্ধ
বিএনপির লাগাতার অবরোধের মধ্যে শনিবার রাজধানীর তেঁজগাও মহিলা কলেজের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়েছে।
এতে শ্রী অমূল্য বর্মন নামে (৩০) নামে এক যাত্রী দগ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
অমূল্য পেশায় রিকশাচালক বলে তেজগাঁও থানার সহকারী উপপরিদর্শক খোরশেদ আলম জানিয়েছেন।
চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, আগুনে অমূল্য’র মুখ ও হাত ঝলসে গেছে। তার শরীরের ১২ ভাগ পুড়ে গেছে।
হাসপাতালে অমূল্য সাংবাদিকদের বলেন, ৮ নম্বরের একটি বাসে সকালে সায়েদাবাদ থেকে গাবতলী যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে বাসটি তেঁজগাও মহিলা কলেজের সামনে এলে মোটরসাইকেল আরোহী দুইজন পাশ থেকে পেট্রোল বোমা ছুড়ে মারে।
হাত দিয়ে ঠেকালেও আগুন তার মুখে লাগে বলে জানান তিনি।
তা থেকে বাসটিতে আগুন ধরে যায় বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা মো. ফরহাদুজ্জামান জানান।
বিএনপি প্রধান খালেদা জিয়া গত সোমবার বিকালে অবরোধের ডাক দেওয়ার পর থেকেই ঢাকায় বিক্ষিপ্তভাবে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। আগের দিন শুক্রবারও রাজধানীতে দশটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে; দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনজন।
তার আগে মঙ্গলবার রাজধানীতে আগুন দেওয়া হয় ছয়টি গাড়িতে। বুধবার সারা দিন পরিস্থিতি মোটামুটি শান্ত থাকলেও সন্ধ্যার পরপরই চারটি বাস পোড়ানো হয়। বৃহস্পতিবার আগুন দেওয়া হয় তিনটি বাসে।
