২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামারুজ্জামানের রায় কার্যকর নিয়ে ইমরানের সংশয়

যুদ্ধাপরাধে জামায়াতে ইসলামীর নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় কার্যকরে সরকারের আন্তরিকতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2015, 01:57 AM

Updated : 22 Aug 2022, 11:27 AM

শুক্রবার বিকালে শাহবাগে জাতীয় জাদুঘরে সামনে গণ অবস্থানের সমাবেশে তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের রায় কার্যকর করা নিয়ে সুন্দর সুন্দর বক্তব্য দিলে হবে না। রায় কার্যকরের মাধ্যমে আন্তরিকতার প্রমাণ দিতে হবে।

“কামারুজ্জামানের চূড়ান্ত রায় ঘোষণা করা হলেও এখনো তা কার্যকর করা হয়নি। রায় কার্যকরের কোনো উদ্যোগও দেখা যাচ্ছে না। এর আগে কাদের মোল্লার চূড়ান্ত রায় ঘোষণার পর কম সময়ের মধ্যে কার্যকর করা হয়েছে। রিভিউ পিটিশনের কোনো সুযোগ দেওয়া হয়নি।”

কামারুজ্জামানের রায়ের রিভিউ পিটিশনের সুযোগ দিয়ে দ্রুত কার্যকর করার পরিবর্তে স্থগিত করে রাখা হয়েছে বলে মন্তব্য করেন ইমরান।

অবিলম্বে যুদ্ধাপরাধী কামারুজ্জামানের সবোর্চ্চ শাস্তির রায় কার্যকরের দাবিতে ডাকা ‘গণ অবস্থান’ কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলে।

রায় কার্যকরে বিলম্ব হওয়ায় গণজাগরণ মঞ্চের কর্মীসহ সকলেই হতাশ ও ক্ষুব্ধ হয়েছে উল্লেখ করে মঞ্চের মুখপাত্র ইমরান বলেন, “এখন প্রশ্ন উঠেছে সকল যুদ্ধাপরাধীর রায় বাস্তবায়নে সরকারের আন্তরিকতা নিয়ে।

“সরকার দ্রুত রায় কার্যকরের মাধ্যমে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলে আশা করি।”

অবিলম্বের জামায়াত নিষিদ্ধ করার দাবি জানিয়ে ইমরান বলেন, “বিভিন্ন সময়ে সরকার জামায়াত নিষিদ্ধের প্রতিশ্রুতি দিলেও তা এখনো বাস্তবায়ন করা হয়নি। বরং এটি নিয়ে এখন রাজনৈতিক সমীকরণ ও খেলা চলছে।”

সরকার বিভিন্ন দলকে কর্মসূচিতে বাধা দিলেও জামায়াত সমান্তরালে সব কার্যক্রম পরিচালনা করছে বলে মন্তব্য করেন ইমরান।