২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে নিহত মুসল্লিদের বাড়ি যশোরে

সাভারের ধামরাইয়ের জয়পুরা এলাকায় বাস, ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত চার জনই যশোরের বাসিন্দা ছিলেন, যারা টঙ্গীতে বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসছিলেন।

যশোর প্রতিনিধি

সাভার ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2015, 03:55 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

শুক্রবার সকালে জয়পুরা বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনায় আরো অন্তত ৩০ বাস যাত্রী আহত হয়েছেন বলে ধামরাই থানার ওসি ফিরোজ তালুকদার জানিয়েছেন।

নিহতরা হলেন-যশোর শহরের বকচর হুশতলা এলাকার মোটর পার্টস ব্যবসায়ী নাজিম উদ্দিন (৩৫), হাফেজ মোহাম্মদ রইস উদ্দিন (৩২), নাসির উদ্দিন এবং প্রাইভেটকার চালক সদরের সাড়াপোল রূপদিয়া এলাকার বাসিন্দা রেজোয়ান (২৭)।

একই দুর্ঘটনায় আহত দুজনও যশোরের বাসিন্দা। এরা হলেন-স্থানীয় পিংকি মোটর্সের মালিক রহিম এবং মোহনা মোটর্সের মালিক মুরাদ। এদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ছয়জনই প্রাইভেটকারে করে যশোর থেকে ভোরে রওনা দেন। 

হাজী নাজিম উদ্দীনের স্ত্রী নাজমা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোর ৩টার দিকে আমার স্বামী নিজস্ব প্রাইভেটকারে অন্যদের নিয়ে বিশ্ব ইজতেমার উদ্দেশ্যে রওনা হন।”

পরে সকাল ৯টার দিকে দুর্ঘটনায় তাদের মৃত্যু খবর পান বলে জানান তিনি।

নিহত হাজী নাজিমের ভাই কবিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার ভাইসহ তিনজনের মৃত্যু হয়। পরে ধামরাইয়ের স্থানীয় হাসপাতালে গাড়িচালক রেজোয়ানের মৃত্যু হয়।

নিহত আরেক হাজী রইস উদ্দিনের ছোটভাই রেজাউল বলেন, একই এলাকায় তিনজন হাজীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

“ইজতেমায় জুমার নামাজ আদায় করবেন বলে তারা খুব ভোরে রওনা হন। কিন্তু সকালে খবর আসে ধামরাইয়ে একটি মাটিবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। ঘটনাটি খুবই দুঃখজনক।”

আহত অন্যদের ধামরাইয়ের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাই লোকাল বাসের যাত্রী ছিলেন বলে জানিয়েছেন ধামরাই থানার ওসি ফিরোজ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টার দিকে ঘনকুয়াশার মধ্যে জয়পুরা এলাকায় টঙ্গীর উদ্দেশ্যে নবীনগরমুখী একটি প্রাইভেটকারের সঙ্গে মানিকগঞ্জগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের পেছন দিক থেকে এগিয়ে আসা একটি ট্রাক তাদের সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিন প্রাইভেটকার আরোহী মারা যান।

স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের ধামরাই স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

ওসি ফিরোজ বলেন, দুর্ঘটনায় প্রাইভেটকারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এছাড়া বাস ও ট্রাকও সামান্য ক্ষতিগ্রস্ত হয়।