২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ৩ বাসে আগুন

বিএনপির লাগাতার অবরোধের মধ্যে রাজধানীতে তিনটি বাসে আগুন দিয়েছে দৃর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 05:05 PM

Updated : 25 Apr 2022, 12:52 PM

বৃহস্পতিবার দুপুরের পর থেকে নীলক্ষেত, বাবুবাজার ও ফকিরাপুল এলাকায় এসব ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাবুবাজার ব্রিজের উপর মিরপুর থেকে কদমতলীগামী দিশারী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুলিস্তান হয়ে আসা বাসটি বাবুবাজার ব্রিজের উপর উঠে মিটফোর্ড হাসপাতালের পাশে ব্রিজসংলগ্ন সিঁড়ির কাছে থামলে। ভেতরে থাকা যাত্রীবেশী দুর্বৃত্তরা বাসটির পেছন দিকে আগুন দেয়।     

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পোঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলার কিছুক্ষণ পর বাসটি ঘটনাস্থল ছাড়ে বলে জানান তিনি।

এঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান নিলুফার।

এর আগে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে নীলক্ষেতে গুলিস্তান থেকে মিরপুরগামী ‘নিউ সুপার সার্ভিস’ পরিবহনের একটি বাস আক্রান্ত হয়।

নিলুফার বলেন, “নীলক্ষেত মোড়ে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়লে বাসে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বেলা ৩টার দিকে আগুন নেভায়।”

এ ঘটনায়ও কেউ হতাহত হননি বলে নিলুফার ইয়াসমিন জানান।

এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফকিরাপুলে ইউনিক পরিবহনের একটি বাসেও আগুন দেওয়া হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অফিস সহকারী এনামুল হক জানান, আগুনে বাসটির পেছনের দুটি সিট পুড়ে যায়।

বিএনপি প্রধান খালেদা জিয়া গত সোমবার বিকালে অবরোধের ডাক দেওয়ার পর থেকেই ঢাকায় বিক্ষিপ্তভাবে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।

মঙ্গলবার আগুন দেওয়া হয় ছয়টি গাড়িতে। বুধবার সারা দিন পরিস্থিতি মোটামুটি শান্ত থাকলেও সন্ধ্যার পরপরই চারটি বাস পোড়ানো হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত কয়েকদিন ধরে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত রাজধানীর সড়কে বিজিবি টহলে থাকছে।

পুরনো খবর:

চট্টগ্রামে ‍বাসে আগুন, হাতবোমার বিস্ফোরণ
ঢাকায় ৪টি বাসে আগুন
নারায়ণগঞ্জে বাসে আগুন
রাজশাহীতে ট্রাকে অগ্নিসংযোগ
মধ্যরাতে বাসে আগুন, ঘুমন্ত হেলপার দগ্ধ
মহাখালী-গুলিস্তানে দুটি বাসে আগুন
রাজধানীতে চার গাড়িতে আগুন
উত্তেজনা-উৎকণ্ঠা-দুর্ভোগ