২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‍বাসে আগুন, হাতবোমার বিস্ফোরণ

অবরোধে সারাদিন নিরুত্তাপ কাটলেও রাতে বন্দর নগরী চট্টগ্রামে একটি বাসে অগ্নিসংযোগ ও কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 09:35 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে নগরীর খুলশী থানার গরিবুল্লাহ শাহ মাজার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি খালি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাজার সংলগ্ন সড়কে দাঁড়িয়ে থাকা কক্সবাজার রুটের একটি বাসে কে বা কারা আগুন দেয়।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে দুটি গাড়ি নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।

গরিবুল্লাহ শাহ মাজার এলাকায় বেশ কয়েকটি ঢাকাগামী বাসের কাউন্টার রয়েছে। নগরী থেকে ঢাকাগামী বাসের অধিকাংশ যাত্রী এই এলাকার কাউন্টার থেকেই টিকেট এবং যাতায়াত করেন।

তবে কক্সবাজার পথের ওই বাসটি এই এলাকায় কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে আসা যাত্রীদের বহন করছিল বলে পুলিশের ধারণা।

এদিকে রাত ৮টার দিকে নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট ফ্লাইওভার সংলগ্ন এলাকায় দুটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

চান্দগাঁও থানার ওসি আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফ্লাইওভারের ওপর থেকে দুর্বৃত্তরা দুটি হাতবোমা নিক্ষেপ করে ‍পালিয়ে যায়।

এ ঘটনায় আহত এক ব্যক্তি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুমন (২২) নামে এক যুবক ভর্তি হয়েছেন। তিনি জানিয়েছেন বহদ্দারহাট এলাকায় হাতবোমা বিস্ফোরণে আহত হয়েছেন।