রাজশাহীতে ট্রাকে অগ্নিসংযোগ
রাজশাহীর পুঠিয়ায় কাঁচামালের ঝুড়ি বোঝাই একটি ট্রাক পুড়িয়ে দিয়েছে অবরোধ সমর্থকরা।
বুধবার ভোররাতে উপজেলার কাঠালবাড়িয়া এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে গাছ ফেলে ট্রাক আটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা।
ওই ট্রাকের চালক রায়হান আলী বলেন, ক্যারেট (কাঁচামাল বহনকারি ঝুড়ি) নিয়ে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন তিনি। রাত সাড়ে ৩টার দিকে কাঁঠালবাড়িয়ায় ১৫/২০ জন লোক রাস্তায় গাছ ফেলে অবরোধ করে।
পরে তাকে ও তার সহকারীকে ট্রাক থেকে নামিয়ে মারপিট করে এবং ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দিয়ে তারা চলে যায়।
এতে ট্রাকসহ সমস্ত ক্যারেট পুড়ে গেছে বলে জানান তিনি।
পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান আফিজ বলেন, “গভীর রাতে ট্রাকে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের নিয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এর আগেই ট্রাক ও মালামাল পুড়ে যায়।
এ ঘটনায় ট্রাক চালক রায়হান বাদী হয়ে পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।
