ঢাকায় ৪টি বাসে আগুন
বিএনপির অবরোধের মধ্যে সারাদিন শান্ত থাকলেও সন্ধ্যার পর রাজধানীতে চারটি বাসে আগুন দেওয়া হয়েছে।
আজিমপুর, মতিঝিল, মিরপুর ও বায়তুল মোকাররম এলাকায় সন্ধ্যার পরপরই এই চারটি বাস পোড়ানো হয় বলে অগ্নিনির্বাপক বাহিনী জানিয়েছে।
সোমবার বিকালে খালেদা জিয়া অবরোধের ডাক দেওয়ার পর কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ হয়েছিল। মঙ্গলবার আগুন দেওয়া হয় ছয়টি গাড়িতে।
বুধবার সারাদিনে ঢাকায় সড়কে কোনো গোলযোগ ঘটেনি। সন্ধ্যার পর বিভিন্ন এলাকায় যান চলাচল আরও কমে যেতে থাকে।
এর মধ্যেই গাড়িতে আগুন দেওয়া হয়, যা অগ্নিনির্বাপক বাহিনীর সদস্য গিয়ে নেভায়। তবে কোনো মানুষ হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে কর্মকর্তা মো. ফরহাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান।
সন্ধ্যা ৭টার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ‘তানজিল’ পরিবহনের মিরপুরগামী একটি বাস, আজিমপুর মেটারনিটি এলাকায় মিরপুরগামী ‘সেফটি’ পরিবহনে আগুন দেওয়া হয়।
প্রায় একই সময় মিরপুর ইনডোর স্টেডিয়ামের সামনে প্রজাপতি পরিবহন, বায়তুল মোকাররম মসজিদ সংলগ্ন ক্রীড়া ভবনের উত্তর পাশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি বাসসহ দুটি বাসে আগুন দেওয়া হয়ে।
অবরোধকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন সড়কের পাশে পুলিশ সদস্যদের অবস্থান রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছে। তারা অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে।”
আগের দিনের মতো এদিনও সন্ধ্যার পর থেকে রাজধানীতে বিজিবি সদস্যরা নেমেছেন বলে বাহিনীর জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা জানিয়েছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত কয়েকদিন ধরে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত রাজধানীর সড়কে বিজিবি টহলে থাকছে।
