২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তেজনা-উৎকণ্ঠা-দুর্ভোগ

সংঘাতময় বছর পেরিয়ে দশম সংসদ নির্বাচন অনুষ্ঠানের পর রাজনীতিতে আপাত শান্তি ফিরলেও সেই ভোটের বর্ষপূর্তিতে আবার হানাহানির শঙ্কায় উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে মানুষের মনে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2015, 11:33 PM

Updated : 12 Oct 2022, 03:07 PM

পুরনো খবর:

ঢাকামুখী বাস-লঞ্চ কার্যত বন্ধ
৫ জানুয়ারির আগে জ্বালাও-পোড়াও
জ্বালাও-পোড়াও প্রমাণ, পুলিশের সিদ্ধান্ত সঠিক: প্রতিমন্ত্রী
রাজপথে নামবেন খালেদা
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
দিনভর তল্লাশি, ধরপাকড়

“দুই দলের বিরোধ মানুষকে জিম্মি করে ফেলছে, পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে দেশের মানুষ আতঙ্কে আছে,” রোববার রাতে রাজধানী মগবাজারে বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা রাব্বী রহমানের কথায় ফুটে উঠল সেই শঙ্কার চিত্রই। 

৫ জানুয়ারি সোমবার দুই প্রধান রাজনৈতিক শক্তির পাল্টাপাল্টি অবস্থানে নিরাপত্তা জোরদারের মধ্যেও বেশ কয়েকটি গাড়ি পোড়ানো এবং বোমাবাজির ঘটনার পর রোববার রাতে স্বাভাবিকের চেয়ে নীরব হয়ে যায় ঢাকার রাজপথ।

তার মধ্যে শঙ্কা নিয়েই জরুরি প্রয়োজনে মোটর সাইকেল নিয়ে বের হওয়া রাব্বী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাধারণ নাগরিক হিসেবে আমরা এই দেশে নিরাপদে জীবন-যাপনের নিশ্চয়তা চাই।”

দশম সংসদ নির্বাচনের বছর পূর্তির দিন সোমবার বিএনপি-আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ার পর ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে বিজিবিও।

এই উত্তেজনার মধ্যেই বাস ও লঞ্চ চলাচল আকস্মিকভাবে বন্ধ হয়ে যাওয়ায় বাইরে থেকে ঢাকায় আসার পথও অনেকটা সঙ্কুচিত হয়ে যায়, যাতে  দুর্ভোগে পড়তে হয়েছে অনেককে।

অসুস্থ বাবাকে ঢাকায় চিকিৎসক দেখাতে রোববার দুপুর ২টায় বাসের টিকেট কিনেছিলেন চট্টগ্রামের হাবিব ইকবাল। কিন্তু স্টেশনে এসে বাস পাননি তিনি।

“টিকিট ফেরত দিয়েছে। কিন্তু কখন গাড়ি ছাড়বে, সেটাও নিশ্চিত করে কেউ বলতে পারছে না,” ইকবালের মতো একই ভোগান্তিতে পড়তে হয়েছে নানা প্রান্তের মানুষকে।

৫ জানুয়ারির নির্বাচনের বছর পূর্তির দিনটি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়ে কালো পতাকা ও সমাবেশের কর্মসূচি দিয়েছিল ওই ভোট বর্জন করে মধ্যবর্তী নির্বাচনের দাবি জানিয়ে আসা বিএনপি।

একই দিন ‘গণতন্ত্র ও সংবিধান রক্ষা দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়ে সমাবেশের পাশাপাশি আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল বিএনপিকে ঠেকানোর ঘোষণা দেওয়ার পর উত্তেজনা চলছিল গত কয়েকদিন ধরে।

বিএনপি সোহরাওয়ার্দী উদ্যান কিংবা নয়া পল্টন কিংবা মতিঝিলে সমাবেশের অনুমতি চায় পুলিশের কাছে। ১৪ দল সোহরাওয়ার্দী উদ্যানসহ ঢাকার প্রতিটি সংসদীয় আসনে সমাবেশের ঘোষণা দেয়।

দুই পক্ষের পাল্টাপাল্টি ঘোষণায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কার কারণ দেখিয়ে ঢাকায় রোববার বিকাল থেকেই সব ধরনের সমাবেশে নিষেধাজ্ঞা দেয় পুলিশ।

এর মধ্যেই নয়া পল্টনে দলীয় কার্যালয়ে অবস্থানরত বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীকে ‘আটক’ করে হাসপাতালে নেওয়া হয়। গুলশানের কার্যালয়ে আটকে দেওয়া হয় খালেদা জিয়াকে।

Image
ঢাকার পল্টনে পুড়ছে বাস

ঢাকার পল্টনে পুড়ছে বাস

শনিবার রাত থেকে দলীয় কার্যালয়ে অবস্থানরত খালেদা দাবি করেছেন, তাকে কার্যত বন্দি করে রাখা হয়েছে। অন্যদিকে সরকার প্রধান শেখ হাসিনা বলেছেন, বিএনপি চেয়ারপারসনকে বন্দি করা হয়নি, তিনি চাইলেই বাসায় যেতে পারেন।

শনিবার রাতে খালেদা দলীয় কার্যালয় থেকে বের হওয়ার সময় বাধা পান। তবে পুলিশ বলছে, খালেদাকে অবরুদ্ধ করা হয়নি। তার নিরাপত্তার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

গুলশানের ৮৬ নম্বর সড়কে গিয়ে দেখা যায়, রাস্তার দুই মাথায় দুটি তল্লাশি চৌকি বসিয়েছে পুলিশ। যান চলাচল বন্ধ রাখার পাশাপাশি খালেদার কার্যালয় থেকে ১০ গজ দূরে পুলিশ সদস্যদের বহনকারী বড় আকারের দুটো গাড়ি আড়াআড়ি রেখে আটকে দেওয়া হয়েছে বের হওয়ার পথ।

খালেদার সঙ্গে দেখা করতে যাওয়া বিএনপি নেতা-কর্মীদের ঠেকিয়ে দিচ্ছে পুলিশ। বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী দেখা করতে গিয়েও পুলিশের বাধায় বিফল হন।

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি দলকে পুলিশ আটকে দিলেও আইনজীবী ও সাংবাদিকদের দুটি দলকে খালেদার কার্যালয়ে ঢুকতে দিয়েছে পুলিশ।

তবে ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, “খালেদা জিয়া একজন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন। সুতরাং গোয়েন্দা প্রতিবেদন বিশ্লেষণ করে দেখতে পাই তিনি নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন। তা বিবেচনা করে তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে।”

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপ্রকাশ্যে থেকে পাঠানো এক বিবৃতিতে সোমবার কর্মসূচি পালনের জন্য দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিকালে খালেদার সঙ্গে দেখা করে এসে সাংবাদিক নেতা রুহুল আমীন গাজী বলেন, খালেদা জিয়া বিধি-নিষেধ উপেক্ষা করেই সোমবার রাজপথে নামবেন বলে জানিয়েছেন।

Image
খালেদা জিয়ার কার্যালয় ঘিরে পুলিশ

খালেদা জিয়ার কার্যালয় ঘিরে পুলিশ

রাতে খালেদা বিবিসি বাংলাকে বলেন, তিনি সোমবার বের হওয়ার চেষ্টা করবেন। তবে কার্যালয়ের সামনে পুলিশি অবস্থানের তীব্র সমালোচনা করেন তিনি। 

এদিকে নয়া পল্টনে বিএনপি কার্যালয় দিনভর ছিল নেতা-কর্মীশূন্য। পুলিশ ও সাংবাদিকরা থাকলেও দলটির কোনো নেতাকে দেখা যায়নি সেখানে।

বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে যতদূর জানা গেছে, সোমবার সমাবেশ করতে না দিলে পরবর্তী ৪৮ ঘণ্টা হরতাল দেওয়া হতে পারে।

এদিকে পুলিশের নিষেধাজ্ঞা মেনে সোমবার সমাবেশের কর্মসূচি থেকে সরে আসার কথা সাংবাদিকদের জানিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

সমাবেশে নিষেধাজ্ঞা আসার জন্য বিএনপিকেই দায়ী করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।

“ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ দুর্ভাগ্যজনক। বিএনপির কারণেই আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।”

রাজনৈতিক নেতারা দুই পক্ষই পরস্পরকে দোষ দিয়েছেন। তাতে দুর্ভোগের অবসান ঘটেনি জনগণের।

রংপুরের মাহিগঞ্জ এলাকার আব্দুল লতিফ ছয়বার অটোরিকশা বদল করে রোববার বগুড়া গেছেন। তারপর আরেকটি অটোরিকশা ভাড়া করে রওনা হয়েছেন ঢাকার পথে।

তবে পথের প্রতিকূলতা পেরিয়ে তিনি ঢাকা পৌঁছনোর পর পরিস্থিতি কী দেখবেন, তা জানেন না লতিফ। আগের দিন ঢাকায় অন্তত ১০টি গাড়িতে আগুন আর বোমাবাজির খবরে অনিশ্চয়তা জেনেও পথে বেরিয়েছেন তিনি।

এই ঝুঁকি নেওয়ার কারণ কী জানতে চাইলে লতিফ বলেন, সোমবার সকালে তার চাকরির পরীক্ষা। আর এই চাকরিটা লতিফের জন্য খুবই গুরুত্বপূর্ণ।