জ্বালাও-পোড়াও প্রমাণ, পুলিশের সিদ্ধান্ত সঠিক: প্রতিমন্ত্রী
বিএনপিকে জনসভার অনুমতি না দিয়ে পুলিশ যে ঠিক সিদ্ধান্ত নিয়েছে, যানবাহনে আগুনের ঘটনায় সেটাই প্রমাণ হয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রোববার সন্ধ্যায় সাভারের নয়ারহাট এলাকায় বাউল সাধক শেখ দারোগ আলী বয়াতীর পৌষ মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “আগামীকাল ৫ জানুয়ারি তারা (বিএনপি) সংঘাত সংঘর্ষ করবে না বলেছিল। কিন্তু এরই মাঝে বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াও শুরু হয়েছে। এতে প্রমাণ হয়- তাদের সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সঠিক।”
৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন ক্ষমতাসীন আওয়ামী লীগ ‘সংবিধান ও গণতন্ত্র রক্ষা দিবস’এবং বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসাবে পালনের জন্য ঢাকায় কর্মসূচি দিলে জনমনে উদ্বেগ তৈরি হয়।
সোমবার ঢাকায় শান্তিপূর্ণ জনসভা করার প্রতিশ্রুতি দিয়ে বিএনপির পক্ষ থেকে অনুমতি চাওয়া হলেও মহানগর পুলিশ রোববার বিকাল থেকে ঢাকায় অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশে নিষিদ্ধ করে।
পুলিশ শনিবার রাতেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাশি চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও পুলিশি ঘেরাওয়ের মধ্যে তার গুলশানের কার্যালয়ে আটকে আছেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ ঠিক নয়। তাকে গ্রেপ্তার করাও পুলিশের উদ্দেশ্য নয়।
“বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তার স্বার্থেই তার গুলশানের কার্যালয় ও আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।”
বিএনপির আন্দোলন নিয়ে প্রশ্ন তুলে কামাল বলেন, “দেশে যখন উন্নয়ন হচ্ছে, সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, তখন তাদের এই আন্দোলনের যৌক্তিকতা কী? তাদের সাথে তো দেশের সাধারণ মানুষ নেই; তাদের ভাড়াটে গুণ্ডাবাহিনী ছাড়া আর কেউ নেই।”
পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ানের সভাপতিত্ব স্থানীয় সংসদ সদস্য এনামুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফিরোজ কবীরসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
