২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনভর তল্লাশি, ধরপাকড়

৫ জানুয়ারির নির্বাচনের বর্ষপূর্তির দিনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে শীর্ষ নেতাদের বাড়িতে তল্লাশিসহ সারা দেশে চলছে ধরপাকড়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2015, 11:17 PM

Updated : 12 Oct 2022, 03:07 PM

রাজধানীতে পুড়েছে যাত্রীবাহী বাস, বিভিন্ন জেলার সঙ্গে কার্যত বন্ধ রয়েছে সড়ক ও নৌ যোগাযোগ।

ঘটনার শুরু শনিবার দুপুরে। জনসভার অনুমতি না পেয়ে যে কোনো মূল্যে সোমবারের সভা করার ঘোষণা দেয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এর পর রাতে অসুস্থ অবস্থায় নয়া পল্টনের কার্যালয় থেকে তাকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। এর কিছুক্ষণ পরই বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ও পুলিশ ঘিরে ফেলে। এর পর থেকে ‘অবরুদ্ধ’ রয়েছেন খালেদা জিয়া।

সকালে তল্লাশি চালানো  হয় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায়। তবে তাকে পাওয়া যায়নি। বিএনপি নেতারা অভিযোগ করেছেন, সকাল থেকে দলের একাধিক শীর্ষ নেতার বাসায়ও তল্লাশি চালিয়েছে পুলিশ।

এদিকে রোববার দুপুরে গুলশানের কার্যালয়ের বাইরে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়ে স্লোগান দিতে থাকলে তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। সেখান থেকে পুলিশ ২১ জনকে আটক করে, যাদের বেশির ভাগই মহিলা দলের নেতাকর্মী।

খালেদার কার্যালয়ের কাছে পুলিশের একটি রায়ট কার ও জলকামান দেখা গেছে।

বিএনপির বর্জনের মধ্যে অনুষ্ঠিত ৫ জানুয়ারির নির্বাচনের দিনকে ‘গণহত্যা হত্যা দিবস’ অ্যাখা দিয়ে এর বর্ষপূর্তিতে সারা দেশে সভা-সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ দিনটি পালন করবে ‘সংবিধান ও গণতন্ত্র রক্ষা দিবস’ হিসেবে।

পাল্টাপাল্টি উত্তেজনার এই পরিস্থিতিতে রোববার বিকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা মহানগরে সব ধরনের মিছিল, সভা, সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করেছে পুলিশ।

সারা দিনে রাজধানীসহ বিভিন্ন স্থানে অন্তত নয়টি গাড়িতে আগুন দেওয়া হয়, ভাঙচুর হয়েছে অনেক গাড়ি।

এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে দেশজুড়ে বিএনপি-জামায়াত ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরাসহ শতাধিক আটক হয়েছেন, যাদের মধ্যে অনেককেই নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিস্তারিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবরে:

কেরানীগঞ্জ: ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় একাধিক স্থান থেকে বিএনপির চার নেতাকর্মীকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

শনিবার দিবাগত রাতে আটককৃতরা হলে- বিপুল (৩২), ফারুক (২৫), ইমরান (২০) ও খোকন (২৩)।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মজিবর রহমান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, নাশকতার অভিযোগে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে বলেও জানান তারা।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ জাকারিয়া জানান, নাশকতার আশঙ্কায় রোববার বিএনপি ও জামায়াতের ১৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল বলেন, পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে। এর পরেও নারায়ণগঞ্জে বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করবে।

সিলেট: রোববার দুপুর পর্যন্ত নাশকতার আশঙ্কায় সিলেটে বিএনপি-জামায়াতের ৩০ জনকে আটক করেছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. রহমত উল্লাহ জানান, মহানগর পুলিশের আওতাধীন ছয়টি থানা এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। তারা সবাই বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

পুলিশ কর্মকর্তা রহমত বলেন, শনিবার রাতে পুলিশ নগরীতে বিএনপি ও জামায়াতের শীর্ষ বেশ কয়েকজন নেতার বাসাতেও অভিযান চালায়। তবে তাদের কাউকে বাসায় পাওয়া যায়নি।

সাতক্ষীরা: সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় সাতক্ষীরায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের নাশকতার মামলার ১০ আসামিসহ ৭৭ জনকে আটক করেছে পুলিশ।

সাতক্ষীরা জেলা পুলিশের এসাআই কামাল হোসেন জানান, নাশকতার মামলা ছাড়াও এদের মধ্যে ৫৭ জন নিয়মিত মামলায় ও ৬ জন বিভিন্ন পরোয়ানার মামলার আসামি।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

পাবনা: পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান জানান, রোববার বেলা ২টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে নাশকতার অভিযোগে পাবনা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকসহ ৬৯ জনকে আটক করা হয়েছে।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম জানান, সাড়ে ১১টার দিকে পাবনা শহরের চারতলা এলাকাস্থ নিজ কার্যালয় থেকে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন আহমেদকে আটক করা হয়।

চাঁদপুর: চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, শনিবার রাত থেকে রোববার বিকেল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এরা সবাই বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি।

ঝিনাইদহ: ঝিনাইদহের পুলিশ সুপার মো. আলতাফ হোসেন জানান, জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই জামায়াতকর্মীসহ বিভিন্ন মামলার ২০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি বলেন, এদের মধ্যে নাশকতা সৃষ্টির আশঙ্কায় হরিণাকুন্ডু উপজেলার দুজন জামায়াতকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

নীলফামারী: ডিমলা থানার ওসি শওকত আলী জানান, রোববার সকালে নাউতারা গ্রাম থেকে শিবিরকর্মী নজরুল ইসলাম ওরফে নজুকে (২৮) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত নজু নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা গ্রামে হাবিবুর রহমানের ছেলে।

ওসি শওকত বলেন, নজু শিবিরের সক্রিয় কর্মী। ৫ জানুয়ারির নির্বাচনের ভোটের সময় নিজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সহিংসতা, অগ্নিসংযোগ ও  ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনার মামলার আসামি সে।