৫ জানুয়ারির আগে জ্বালাও-পোড়াও
৫ জানুয়ারির নির্বাচনের বছরপূর্তির আগের দিন রাজনৈতিক উত্তাপের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে অন্তত নয়টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে, ভাংচুর হয়েছে অনেক গাড়ি।
রোববার রাজধানীর পল্টন, তেজগাঁও, গেণ্ডারিয়া, নর্দা, গুলিস্তান ও শনির আখড়ায় পাঁচটি বাস ও একটি প্রাইভেটকার পোড়ানো হয়েছে।
গাজীপুরের শিববাড়ি মোড় ও ময়মনসিংহ সদরে আগুন দেওয়া হয়েছে একটি করে বাসে। ময়মনসিংহের ঘটনায় আহত হয়েছেন চালকসহ অন্তত ১০ জন।
বড় দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে পুলিশ সোমবার রাজধানীতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে বেলা পৌনে ১টার দিকে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটের ফুটওভার ব্রিজের নিচে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত অপারেটর শাহজাদী সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে তাদের তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
পল্টন থানার ওসি মোরশেদ আলম জানান, ‘নিউ ভিশন’ পরিবহনের বাসটি চিড়িয়াখানা থেকে মতিঝিলের দিকে যাচ্ছিল।
বিকাল পৌনে ৪টার দিকে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গাবতলীগামী একটি বাসে আগুন দেওয়া হয়। তবে চালক বাসটি চালিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয় বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত অপারেটর নিলুফার ইয়াসমিন জানান।
বিকাল সোয়া ৪টার দিকে গেণ্ডারিয়ার দয়াগঞ্জ এলাকায় মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি গিয়ে আগুন নেভায়।
বিকাল সোয়া ৫টার দিকে যমুনা ফিউচার পার্কের সামনে সুপ্রভাত পরিবহনের আরেকটি বাস পোড়ানো হয়। তার ১৫ মিনিটের মধ্যে শনিরআখড়া এলাকায় একটি প্রাইভেট কারে আগুন দেওয়া হয় বলে ফায়ার সার্ভিস জানায়।
গুলিস্তানের গোলাপশাহ মাজারের সামনে তানজিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয় সন্ধ্যা ৬টার পর। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
সন্ধ্যায় নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে একটি অটোরিকশা পুড়িয়ে দেওয়া হয়।
রাত সোয়া ৯টার দিকে মিরপুরের কালশীতে একটি প্রাইভেট কারে আগুন দেয় দুর্বৃত্তরা।
সন্ধ্যায় গুলশান-১ এর ডিসিসি মার্কেটের সামনে একটি চলন্ত বাসে চার থেকে পাঁচটি হাতবোমা ছোড়া হয়।
সন্ধ্যায় ঢাকায় পল্টনে হাতবোমা বিস্ফোরণের পর চারজনকে আটক করে পুলিশ।
ময়মনসিংহের ঘটনাটি ঘটে দুপুরের দিকে। কোতোয়ালি মডেল থানার ওসি ফজলুল করিম জানান, ত্রিশাল থেকে যাত্রী নিয়ে জেলা শহরে যাওয়ার পথে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মহাসড়কে বাসটি আক্রান্ত হয়।
এ সময় বাস থেকে নামতে গিয়ে চালকসহ অন্তত ১০ জন আহত হন বলে জানান ওসি। এদের মধ্যে পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিকালে গাজীপুরে মিছিল থেকে ঢিল ছুড়ে অন্তত ১০টি গাড়ি ভাংচুর ও দুটি বাসে আগুন দেয় ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। এছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় ঝটিকা মিছিল থেকে অন্তত ১০টি গাড়ি ভাংচুর করে তারা।
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সোয়া ৫টার দিকে কয়েকজন দুর্বৃত্ত শিববাড়ি মোড়ে ভিআইপি পরিবহনের একটি বাস আগুন দিয়ে পালিয়ে যায়।
একই থানার এসআই সুজায়েত হোসেন জানান, বিকালে বিএনপি জোটের নেতাকর্মীরা চান্দনা চৌরাস্তা এলাকায় ঝটিকা মিছিল বের করে। পুলিশ মিছিলকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা গাড়িতে ঢিল ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।
ভাওয়াল কলেজ গেট এলাকায় পলাশ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয় বলে জানান তিনি।
ফেনী শহরের বিভিন্ন স্থানে সন্ধ্যায় কয়েক দফা হাতবোমা বিস্ফোরণের পাশাপাশি অন্তত ১০টি গাড়ি ভাংচুর করে ছাত্রদলকর্মীরা।
জেলার সহকারী পুলিশ সুপার সামছুল আলম সরকার বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের ট্রাংক রোডে ছাত্রদল কর্মীরা লাঠি হাতে ঝটিকা মিছিল করে ৪/৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা সিএনজি অটোরিকশাসহ অন্তত ১০টি গাড়ি ভাংচুর করে।
এছাড়া সন্ধ্যা ৭ টার দিকে শহরের জিরো পয়েন্টে ছয়টি ককটেল বিস্ফোরণ করে গাড়ি ভাংচুরের চেষ্টা করলে পুলিশের ধাওয়ায় পালিয়ে যায় ছাত্রদলকর্মীরা।
এ সময় আশপাশের এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা সামছুল আলম।
