ঢাকামুখী বাস-লঞ্চ কার্যত বন্ধ
৫ জানুয়ারি প্রধান দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণায় সৃষ্ট উত্তেজনার মধ্যে সারা দেশ থেকে ঢাকামুখী বাস ও লঞ্চ চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে।
রোববার সকালে ঢাকার প্রবেশ পথগুলোতে কিছু পরিবহন আসতে দেখা গেলেও তা সংখ্যায় খুবই কম বলে প্রতিনিধিরা জানিয়েছেন।
এদিকে সকাল ৯টার পরে দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহর থেকে ঢাকাগামী বাস ছাড়া বন্ধ হয়ে গেছে বলে কাউন্টারের কর্মীরা জানিয়েছেন।
ঢাকার বাইরে থেকে লঞ্চ ছাড়তেও নিষেধ করা হয়েছে বলে জানা গেছে।
অবশ্য বাস-লঞ্চ চলাচলের ওপর সরকারের কোনো নিষেধাজ্ঞা নেই জানিয়ে ঢাকা জেলার ট্রাফিক পরিদর্শক ফরহাদ হায়দার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মালিকরা ভয়ে হয়তো গাড়ি চলাচল বন্ধ রাখতে পারেন।”
বাস চলাচল কার্যত বন্ধ হওয়া প্রসঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, “অনেকে নিরাপত্তার কারণে ঢাকার পথে বাস ছাড়েনি। যারা গাড়ি ছাড়ছে না তারা নিজেরাই নিরাপত্তার জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন।”
মাদারীপুর শহর রক্ষা বাঁধের ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে নৌপরিবহমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের বলেন, ক্ষতির হাত থেকে রক্ষার জন্যেই সারাদেশের বাস মালিক-শ্রমিকরা পরিবহন বন্ধ রেখেছে।
মন্ত্রী বলেন, “২০১৩ সালে বিএনপি ৫৫ জন ড্রাইভার-হেলপারকে পুড়িয়ে-পিটিয়ে হত্যা করেছিল। এক হাজারের মতো গাড়ি পড়িয়ে দেয় আর ৩ হাজারের মতো গাড়ি ভাঙচুর করে। যার এক একটা গাড়ির দাম প্রায় কোটি টাকা। একজন মালিক নিশ্চয় লাখ লাখ টাকা ক্ষতির মুখে ফেলে দিবে না।”
এই আশঙ্কায় মালিকরা গাড়ি চলাচল বন্ধ রেখেছে বলে তার ধারণা।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “দূর পাল্লার বাস চলাচল বন্ধ থাকায় কিছুটা দুর্ভোগ হলেও এতে জীবনের ঝুঁকি থাকছে না। ৫ জানুয়ারিকে কেন্দ্র করে জনগণের নিরাপত্তার স্বার্থে সরকার সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে। অনেক জায়গায় দূরপাল্লার যানবাহন আটকে রয়েছে। এতে মানুষের কিছুটা দুর্ভোগ হলেও তাতে জীবনের ঝুঁকি থাকছে না।”
এদিকে নিরাপত্তার কারণ দেখিয়ে ঢাকামুখী লঞ্চ ছাড়তে নিষেধ করা হয়েছে বলে টিপু লঞ্চের মহাব্যবস্থাপক মোহাম্মদ ফারুক হোসেন জানিয়েছেন।
ঢাকার সঙ্গে বরিশাল, হাতিয়া ও ভোলা রুটে তাদের ১৭টি লঞ্চ চলে জানিয়ে তিনি বলেন, “নিরাপত্তার কথা বলে আমাদের ঢাকার বাইরে থেকে লঞ্চ ছাড়তে নিষেধ করা হয়েছে।”
বিভিন্ন জেলা থেকে আকস্মিক বাস ও লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে।
মুন্সীগঞ্জ: সকাল থেকে মুন্সীগঞ্জ-মুক্তারপুর-ঢাকা সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে দিঘিরপাড় পরিবহনের এক সুপারভাইজার বলেন, “আমি সকালে কাউন্টারে এসে শুনি সরকার থেকে কাউন্টার খুলতে নিষেধ করছে। সব ধরনের গাড়ি বন্ধ।”
তবে মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবুল খায়ের ফকিরের ভাষ্য অনুযায়ী, বাস না চালানোর ব্যাপারে সরকারের কোনো নিষেধাজ্ঞা নেই। এ ব্যাপারে নিরাপত্তাসহ তাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতাও রয়েছে।
“বাস মালিকরা যদি বাস না চালায় আমাদের তো কিছু করার নেই। হয়ত ঢাকায় বাস নিয়ে গেলে কোনো সমস্যা হতে পারে-এই চিন্তা করেই তারা বাস বন্ধ রাখতে পারে। তারা যাত্রীদের বুঝ দেওয়ার জন্য একথা বলে থাকতে পারে,” বলেন তিনি।
বাস বন্ধ থাকলেও অটোরিকশা, টেম্পোসহ হালকা যানবাহন চলাচল করায় অতিরিক্ত ভাড়া দিয়ে সেগুলোতে অনেককে ঢাকার দিকে যাত্রা করতে দেখা গেছে।
এদিকে সকালে বাস কাউন্টারে এসে হঠাৎ বাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
মুক্তারপুর বাস স্টেশনে দাঁড়িয়ে হারুন শেখ নামের একজন বলেন, “আমার মেয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ে। সকালে মুক্তারপুর বাসস্ট্যান্ডে এসে জানতে পারি কোন বাস ঢাকা যাবে না। মঙ্গলবার আমার মেয়ের পরীক্ষা। যেতে তো হবেই। কিভাবে যাবে সেই চিন্তা করছি।”
সিপাহিপাড়া থেকে মুক্তারপুরে আসা জসিমউদ্দিন জানান, এই স্টেশনে এক ঘণ্টা ধরে অপেক্ষা করলেও কোনো বাসের দেখা যাননি তিনি।
রাজশাহী: নাশকতার আশঙ্কায় জেলা থেকে ঢাকাগামী সব পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
সকাল ৯টা থেকে রাজশাহী বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো বাস ছাড়েনি।
“সহিংসতা থেকে পরিবহন ও শ্রমিকদের রক্ষার্থে মালিক-শ্রমিকদের যৌথ সিদ্ধান্তে ঢাকাগামী বাসসহ সকল পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে।”
সকাল ৮টা থেকে ৯টার মধ্যে যে সব বাস রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিল সেগুলো নাটোর থেকে ফেরত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
রংপুর: শনিবার রাত থেকেই জেলার টার্মিনাল থেকে রাজধানীগামী সব বাস চলাচল বন্ধ রয়েছে।
নগরীর কামারপাড়া বাসস্ট্যান্ডে ডিপজল এন্টারপ্রাইজের কাউন্টারের ব্যবস্থাপক ইকবাল হোসেন লাবু বলেন, রংপুর মোটর মালিক সমিতির এক নেতা রাত ১২টায় লোক পাঠিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ করতে বলেছেন।
“আমরা মোটর মালিক সমিতির বাইরে নই। ফলে বাস চলাচল বন্ধ রেখেছি।”
যারা আগাম টিকিট নিয়েছিলেন তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে বলে জানান তিনি।
একই স্ট্যান্ডে এসআর ট্রাভেলস টিকিট কাউন্টারের ব্যবস্থাপক মাজেদুর রহমান রিপন বলেন, “সবাই বাস বন্ধ রেখেছে। তাই আমরাও বন্ধ রেখেছি।”
এ বিষয়ে রংপুর জেলা মোটর মালিক সমিতির যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজু বলেন, “বাংলাদেশ মোটর মালিক ফেডারেশনের নির্দেশে রংপুর থেকে ঢাকাগামী সকল বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।”
বিআরটিসির প্রধান কার্যালয়ের নির্দেশে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছেন বলে রংপুর ডিপোর উপ-মহাব্যবস্থাপক কাজী নাসিরুল হক জানিয়েছেন।
বরিশাল: বরিশাল থেকে ঢাকাগামী সব ধরনের বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বাস মালিক সমিতি।
রোববার বেলা ২টা থেকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে যায়।
এ ব্যাপারে বরিশাল বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন জানান, ৫ জানুয়ারি ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে।
এ কারণে যাত্রীদের মধ্যে নাশকতার আতঙ্ক বিরাজ করছে। তাই নাশকতার আশঙ্কায় যাত্রী শূন্য হয়ে পড়েছে পুরো বাস টার্মিনাল। বাধ্য হয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
এদিকে লঞ্চ চলাচলের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক থাকার কথা বলা হয়েছে বলে দাবি করা হলেও লঞ্চ কর্তৃপক্ষ বলছে, প্রশাসন তাদের লঞ্চ সড়িয়ে নিতে বলেছে।
নগর পুলিশের কমিশনার শৈবাল কান্তি চৌধুরী জানান, লঞ্চঘাট বা চলতি পথে নাশকতা হতে পারে। তাই লঞ্চ কর্তৃপক্ষকে নিরাপদে থাকতে বলা হয়েছে।
কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু জানান, লঞ্চ চলবে, নাকি বন্ধ রাখা হবে- এব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।
অবশ্য বন্দর কর্তৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে লঞ্চ নিয়ে পন্টুন ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাইদুর রহমান রিন্টুর মালিকানাধীন সুন্দরবন-৮ লঞ্চের মাস্টার মজিবর রহমান।
ভোলা: জেলার কোন ঘাট থেকে ঢাকাগামী কোন লঞ্চ ছেড়ে যায়নি। লঞ্চ ঘাট ও বাস টার্মিনালে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট।
ভোলা খেঁয়াঘাট থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টায় এবং সাড়ে ৭টায় দুটি লঞ্চ ছেড়ে যায়।
তবে লঞ্চঘাটে ঢাকাগামী লঞ্চ যাত্রীদের তল্লাশি ও আটকের কৌশলের কারণে লঞ্চে যাত্রীরা উঠতে না পারায় ভোলার কোন ঘাট থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত লঞ্চ ছেড়ে যায়নি ।
সিলেট: রোববার বেলা ১টা থেকে সিলেটের সঙ্গে রাজধানীর বাস যোগাযোগ বন্ধ করে দেয় পরিবহন মালিক-শ্রমিকরা।
সড়কে হামলা-ভাঙচুর ও নিরপত্তার কারণে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সিলেটের সভাপতি সেলিম আহমদ ফলিক।
বেলা ১টার পর সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেবে ঢাকাগামী দূরপাল্লার কোনো বাস ছেড়ে যেতে দেখা যায়নি।
হঠাৎ করে পূর্ব ঘোষণা ছাড়া বাস চলচল বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।
নারায়ণগঞ্জ: বেলা ১২টার পর ঢাকার সঙ্গে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের সবরকম যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ঢাকাগামী যাত্রীরা ভোগান্তির শিকার হন।
সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার অভিযোগ করেন, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ও ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করলেও বেলা ১২টার পর ওই রুটের সব যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
৫ জানুয়ারি বিএনপির নেতাকর্মীরা যাতে ঢাকায় যেতে না পারে সেজন্যই বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
এছাড়াও ফেনি, দিনাজপুর, বগুড়া, চাঁদপুর ও চট্টগ্রাম থেকে ঢাকাগামী সব ধরনের গাড়ি চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিরা।
