২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে চার গাড়িতে আগুন

বিএনপির লাগাতার অবরোধের প্রথম দিনে রাজধানীতে চারটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 02:21 PM

Updated : 12 Oct 2022, 03:08 PM

তবে এতে কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার বেলা ১টা ৫০ মিনিটের দিকে পুরান ঢাকার তাঁতীবাজারে সাভার পরিবহনের একটি বাসে প্রথমে আগুন দেওয়া হয়। এর মিনিট পনেরোর মাথায় মতিঝিলে রাজউক ভবনের সামনে একটি বাস ও একটি প্রাইভেটকারে আগুন দেয় দুর্বৃত্তরা। এরপর বিকাল ৪টার কয়েক মিনিট আগে শাহবাগে একটি বাসে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নাজমা আক্তার বলেন, তাঁতীবাজারে বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শামীম নামের এক প্রত্যক্ষদর্শী জানান, সাভার-গুলিস্তান-সদরঘাট রুটের বাসটি তাঁতীবাজারে পৌঁছানোর পর ওই এলাকায় একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এর পরপরই বাসটির পিছনের দিকে আগুন জ্বলতে দেখা যায়।

যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কেউ আহত হননি বলে বাসের চালক মাসুম জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুলিস্তান আসার পর বাসে ১০ থেকে ১২ জন যাত্রী ছিলেন। গুলিস্তানে আর পাঁচ থেকে ছয় জন যুবক ওঠেন।

“তাঁতীবাজারে আসা মাত্র ওই যুবকরা বলে, এই বাস থামা।”

থামালে তারা নেমে যাওয়ার পর বাসে আগুন জ্বলতে শুরু করে জানিয়ে তিনি বলেন, “যাত্রীবেশী ওই যুবকরাই আগুন দিয়েছে বলে আমার মনে হচ্ছে।”

এরপর দুপুর ২টা ৫ মিনিটে মতিঝিলে রাজউক ভবনের সামনে বিআরটিসির একটি বাসে একটি আগুন দেওয়া হয় বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাজনীন সুলতানা জানিয়েছেন।

বাসের সঙ্গে একটি প্রাইভেটকারেও আগুন দেওয়া হয়েছে বলে ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্রী তানভীর আহমেদ জানান।

চার থেকে পাঁচ জন যুবক হঠাৎ গাড়ি দুটোতে আগুন দিয়ে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন।

এরপর বিকাল ৩টা ৫৫ মিনিটের দিকে শাহবাগ মোড়ে গুলিস্তান-মিরপুর রুটের শিখর পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয় বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. আলী জানান।

এ ঘটনায়ও কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসটি মিরপুর থেকে গুলিস্তানের দিকে যাচ্ছিল। শাহবাগ মোড়ে যাত্রী নামাতে বাসটি দাঁড়ানোর পর দুই যুবক নেমে ওই বাসে পেট্রোল বোমা ছুড়ে মারলে তাতে আগুন ধরে যায়।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্ততে পূর্ব ঘোষিত ‘গণতন্ত্র হত্যা দিবসের’ কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে সোমবার বিকালে সারা দেশে লাগাতার অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সকালে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীতে যান চলাচল বাড়তে থাকে।