২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাবেশের অনুমতি পেল চট্টগ্রাম বিএনপি

ঢাকায় নিষেধাজ্ঞা এলেও চট্টগ্রামে সোমবার সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2015, 09:44 PM

Updated : 25 Apr 2022, 12:51 PM

তবে শর্ত হচ্ছে, এই কর্মসূচি সারতে হবে দলীয় কার্যালয়ের প্রাঙ্গণের ভেতরে।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম শহীদুর রহমান রোববার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, “তাদের মিছিলের অনুমতি দেওয়া হয়নি।”

দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসাবে পালনের জন্য সারা দেশেই সভা সমাবেশের কর্মসূচি দিয়েছিল বিএনপি। কিন্তু নিরাপত্তা ঝুঁকির বিবেচনায় ঢাকা মহানগর পুলিশ সেখানে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে। 

চট্টগ্রাম বিএনপির পক্ষ থেকে সমাবেশের জন্য নগরীর তিনটি স্থানের অনুমতি চাওয়া হয়েছিল। সোমবার বেলা ৩টায় এই সমাবেশের পাশাপাশি কালো পতাকা মিছিলের কর্মসূচিও দিয়েছিলেন নগর কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।

চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপিসহ ২০ দলীয় জোটের ব্যানারে এ সমাবেশের জন্য রোববার সকালে একটি প্রস্তুতি সভাও করা হয়। ওই সভায় নগর বিএনপি সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী যে কোনো মূল্যে নগরীতে ‘শান্তিপূর্ণ’ সমাবেশ করার ঘোষণা দেন।

অনুমতি পাওয়ার পর ডা. শাহাদাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গণতন্ত্র হত্যা দিবসের এ সমাবেশে ব্যাপক লোক সমাগম হবে। নগরীর সব থানা-ওয়ার্ড, উত্তর ও দক্ষিণ জেলার সব উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা যোগ দেবেন।”

এক প্রশ্নের জবাবে এই বিএনপি নেতা বলেন, “আমরা সবসময় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালন করতে চাই। বাধা না দিলে কর্মসূচি শান্তিপূর্ণই থাকবে।”

চট্টগ্রাম থেকে কোনো নেতাকর্মী ঢাকায় যাবে না দাবি করে শাহাদাত বলেন, “সে রকম কোনো নির্দেশনা কেন্দ্র থেকে নেই। কাজেই কেউ যাচ্ছে না।”

নির্বাচনে বিজয়ের বর্ষপূর্তির দিনটি ক্ষমতাসীন আওয়ামী লীগ উদযাপন করবে “সংবিধান ও গণতন্ত্র রক্ষা দিবস’ হিসাবে। এর অংশ হিসাবে উপলক্ষে সোমবার বিকালে নগরীর লালদীঘির পাড়ে সমাবেশের আয়োজন করেছে নগর আওয়ামী লীগ।