২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় মাসে মংলা-ঘষিয়াখালী চ্যানেল চালু সম্ভব: নৌ মন্ত্রী

আগামী ছয় মাসের মধ্যে মংলা-ঘষিয়াখালী চ্যানেল পুরোপুরি চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2015, 09:04 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

রোববার বাগেরহাটের রামপালে মন্ত্রী বলেন, নাব্যতা হারানো এ চ্যানেলের খনন কাজ শেষ করে চলতি বছরের জুন মাসে চালু করা হবে।

এই নৌপথ সংস্কারে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে একটি বিদেশি প্রতিষ্ঠানকে খনন কাজের কার্যাদেশ দেওয়া হয়েছে।

“খুব শিগগির তারা খনন কাজ শুরু করবে। এছাড়া বিআইডব্লিউটিএ এর আটটি এবং মংলা বন্দরের একটি ড্রেজার বর্তমানে খনন কাজ চালিয়ে যাচ্ছে,” বলেন মন্ত্রী।

বিকালে মংলা-ঘষিয়াখালী আর্ন্তজাতিক নৌপথ পুনঃখনন ও চ্যানেলের সংযোগ খালের বাঁধ অপসারণ কার্যক্রম ও অগ্রগতি পরিদর্শন শেষে রামপাল উপজেলার কালিগঞ্জ এলাকায় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

গত ৯ ডিসেম্বর সুন্দরবনের শেলা নদীতে তেলবাহী ট্যাঙ্কারডুবির পর এই পথ দিয়ে নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। জাতিসংঘসহ দেশি-বিদেশি পরিবেশবিদরা এ নৌপথে যান চলাচল বন্ধের পরামর্শ দেয়।

এদিকে এ নৌপথ বন্ধ থাকায় বর্তমানে মংলা বন্দরের পণ্য পরিবহনে সমস্যা হচ্ছে।

গত শুক্রবার (২ জানুয়ারি) নৌযান শ্রমিক ফেডারেশন আগামী ৫ জানুয়ারির মধ্যে সুন্দরবনের শেলা নদী দিয়ে বন্ধ করে দেয়া নৌপথ আবার পণ্য পরিবহনের জন্য খুলে দেওয়ার দাবি জানায়।

তা নাহলে ৬ জানুয়ারি থেকে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

মংলা-ঘষিয়াখালী নৌপথ চালু না হওয়া পর্যন্ত সুন্দরবনের শেলা নদীর নৌপথটি আপাতত চালু করা হবে কিনা প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, সুন্দরবনে তেল বিপর্যের পর জাতিসংঘের বিশেষজ্ঞ দল সুন্দরবন পর্যবেক্ষণ করেছে। তারা সরকারের কাছে এ বিষয়ে প্রাথমিকভাবে একটি প্রতিবেদন জমা দিয়েছে।

তাদের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর সরকার ওই নৌপথটি ব্যবহার করবে কিনা তা বৈঠক করে সিদ্ধান্ত নেবে।

মংলা বন্দরে আটকে পড়া নৌযানের বিষয়ে কী উদ্যোগ নেওয়া হবে তার বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

এ সময় তার সঙ্গে থাকা পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, এই নৌপথটি নিয়মিত ড্রেজিংয়ের অভাবে পলি জমে নাব্যতা হারিয়েছে।

তাই এই নৌপথটিকে সচল রাখতে বন্দর ও বিআইডাব্লিউটিএ নিয়মিত এর তদারক করতে হবে বলে জানান তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে বিআইডব্লিটিএ চেয়ারম্যান খন্দকার সামছুদ্দোহা, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর হাবিবুর রহমান ভূইয়া, খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদসহ স্থানীয় প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।