২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাপস খুন: গ্রেপ্তারদের মুক্তি চেয়ে চবি অবরোধে ছাত্রলীগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অন্তর্কোন্দলে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তারদের মুক্তি দাবিতে সংগঠনের একাংশের নেতাকর্মীদের অবরোধের দিন শহর থেকে ক্যাম্পাসগামী শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2015, 12:05 PM

Updated : 12 Oct 2022, 03:07 PM

পুরনো খবর:

ফুল দিয়ে এসেই গোলাগুলিতে ছাত্রলীগ, নিহত ১
তাপস খুন: গ্রেপ্তারদের মুক্তি চেয়ে অবরোধের হুমকি
সংঘর্ষের পর চবি হলে অভিযান, আটক ২৫

শনিবার শাটল ট্রেন আসতে না পারায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌলাহ জানিয়েছেন।

তবে ক্যাম্পাসের পরিবেশ শান্ত রয়েছে এবং বিভিন্ন বিভাগে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

নগরীর ষোলশহর রেল স্টেশনের মাস্টার এ কে এম ফরহাদুজ্জামান জানান, রাতে বা ভোরের কোনো এক সময় কে বা কারা স্টেশনে থাকা শাটল ট্রেনের বিভিন্ন বগির হোস পাইপ ও টুল বক্স পাইপ কেটে দিয়েছে। সেজন্য সকালে শাটল ট্রেন স্টেশন ছেড়ে যেতে পারেনি।

তবে সকাল থেকে ষোলশহর স্টেশনে অবরোধকারীদের কেউকে দেখা যায়নি বলে জানান রেলওয়ে পুলিশের ষোলশহর স্টেশন ফাঁড়ির দায়িত্বে থাকা এসআই আরব আলী।

তিনি বলেন, ক্যাম্পাসে অবরোধের ডাক দিলেও সকাল থেকে অবরোধকারীদের কাউকে ষোলশহর স্টেশন এলাকায় দেখা যায়নি।

Image
তাপস সরকার (ফাইল ছবি)

তাপস সরকার (ফাইল ছবি)

গত ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে একসঙ্গে শ্রদ্ধা জানিয়ে আসার পরপরই বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগিভিত্তিক ছাত্রলীগের দুই পক্ষ- ‘সিএফসি’ ও ‘ভিএক্স’ এর সমর্থকরা সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সংস্কৃত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাপস সরকার।

তাপস তাদের কর্মী ছিলেন বলে দাবি করে আসছে সিএফসি গ্রুপ। এরপর থেকে ক্যাম্পাস ছাড়া হয় ‘ভি-এক্স’ কর্মীরা।

ওই হত্যার ঘটনায় গ্রেপ্তার সহকর্মীদের মুক্তি, মামলা প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে গত ২১ ডিসেম্বর থেকে অবরোধের ডাক দেয় ছাত্রলীগের ‘ভি-এক্স’ গ্রুপরে কর্মীরা।

পরে দুই দফায় অবরোধ স্থগিতের পর শনিবার থেকে লাগাতার অবরোধ ডেকেছে তারা।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক ও ভিএক্স গ্রপের নেতা জালাল আহামদ বলেন, “প্রশাসনকে ছয় দফা দাবিতে বারবার সময় বেঁধে দিলেও তারা আমাদের দাবির ব্যাপারে কর্ণপাত করেননি।

“এজন্য লাগাতার এ অবরোধ ডাকা হয়েছে।”