সংঘর্ষের পর চবি হলে অভিযান, আটক ২৫
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে এক শিক্ষার্থী নিহতের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল থেকে ২৫ জনকে আটক করা হয়েছে।
আটকরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
রোববার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদনের পর হলে ফিরেই সংঘর্ষে জড়ায় বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগিভিত্তিক ছাত্রলীগ ‘গ্রুপ’ সিএফসি ও ভিএক্স এর সমর্থকরা।
এ সময় শাহ আমানত হলের সামনে গুলিবিদ্ধ হন সংস্কৃত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাপস রায়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
সংঘর্ষের পর দুপুরের দিকে অভিযানে নামে পুলিশ।
হাটহাজারী থানার ওসি মোহাম্মদ ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২৫ জনকে আটক করে থানায় পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”
