নতুন ও বিদায়ী- দুই আইজিপির দুই রকম দিন
দিনটা অন্য রকমভাবেই শুরু হল নতুন আর সদ্য বিদায়ী পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি)।
বৃহস্পতিবার একজন ছিলেন আনুষ্ঠানিকতা সারতে চরম ব্যস্ত আর অন্যজনের দিন কেটেছে একবারে কোনো কর্মসূচি ছাড়াই।
দীর্ঘদিনের অভ্যাস তাড়া করেনি সদ্য বিদায়ী আইজিপি হাসান মাহমুদ খন্দকারকে। সকাল ৯টার মধ্যে পুলিশ সদর দপ্তরে যাওয়ার জন্য বাসার সামনে কোনো গাড়ি ছিল না, কোনো ফাইলে তাকে সই করতে হয়নি।
অন্যদিকে এ কে এম শহীদুল হক সকালে ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে আইজিপি হিসেবে নিজের প্রথম দিন শুরু করেন। অফিসে বসেছিলেন মাত্র আধা ঘণ্টা।
রমনা এলাকায় পুলিশ কোয়ার্টারের বাসা থেকে বের হয়ে সকাল ১০টার দিকে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু ভবনে যান।
পুলিশ সদর দপ্তরের এআইজি জালাল উদ্দিন আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধানমণ্ডি থেকে রাজারবাগ পুলিশ লাইনে আসেন নতুন আইজিপি। সেখানে স্বাধীনতা যুদ্ধে নিহত পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে ফুল দেন তিনি। সোয়া ১১টার দিকে তিনি যান পুলিশ সদর দপ্তরে।
পুলিশ সদর দপ্তরে গিয়ে শুভেচ্ছা বিনিময়ের কয়েকটি পর্ব সারার পর গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারতে যান শহীদুল হক।
তার সঙ্গে ছিলেন এসবির অতিরিক্ত আইজিপি মো. জাবেদ পাটোয়ারী, অতিরিক্ত আইজিপি (অর্থ ও উন্নয়ন) মো. আমির উদ্দিন, অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন) মো. মোখলেসুর রহমান, এপিবিএন’র অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন, ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ এবং অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মো. মইনুর রহমান চৌধুরী।
অন্যদিকে প্রতিদিনের মতো কোনো তাড়া না থাকায় বিকাল পর্যন্তই বাসায় ছিলেন হাসান মাহমুদ খন্দকার।
সদ্যবিদায়ী এই আইজির একটি ঘনিষ্ঠ একটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, দেখা করতে আসা কয়েকজন আত্মীয়-স্বজন আর হিতাকাঙ্ক্ষীর সঙ্গে কিছু সময় কাটান হাসান মাহমুদ।
অবসরের প্রথম দিন সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে চাননি হাসান মাহমুদ।
