রাজশাহী মেডিকেলে চুরি হওয়া নবজাতক উদ্ধার
জন্মের কিছুক্ষণ পরই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতকটি চারদিনের মাথায় উদ্ধার করেছে পুলিশ।
রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার বিকালে পবা উপজেলার মাহেন্দ্রা গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এক আয়াসহ চারজনকে আটক করেছে বলেও জানান আনিসুর।
এরা হলেন সখিনা আক্তার, খালেদা আখতার , তার স্বামী জালাল উদ্দিন ও হাসপাতালের আয়া নারগিস সুলতানা।
আনিসুর জানান, গত সোমবার দুপুর আড়াইটার দিকে হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ড থেকে জন্মের আধাঘণ্টার মধ্যে ওই মেয়ে শিশুটি চুরি হয়।
শিশুটি গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌর এলাকার শনশনিপাড়ার তরিকুল ইসলামের মেয়ে।
এ ঘটনায় তরিকুল ইসলাম বাদী হয়ে ওই রাতেই রাজপাড়া থানায় মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার বিকালে মাহেন্দ্রা গ্রামে সখিনা আখতারের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
খালেদা আখতার অপর দুইজনের সহায়তায় মেয়েটিকে চুরি করেন বলে পুলিশকে জানিয়েছেন, বলেন পরিদর্শক আনিসুর।
