রামেকে নবজাতক চুরি: তদন্ত কমিটি, মামলা
রাজশাহী মেডিকেল কলজে হাসপাতাল থেকে জন্মের আধাঘণ্টার মধ্যে নবজাতক চুরির ঘটনায় মামলা হয়েছে।
ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করেছে হাসপাতল কর্তৃপক্ষ।
রাজপাড়া থানার ওসি মেহেদী হাসান জানান, সোমবার গভীর রাতে অজ্ঞাত পরিচয় এক নারীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন চুরি হওয়া বাচ্চাটির বাবা তরিকুল ইসলাম।
মামলার তদন্তভার দেওয়া হয়েছে থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমানকে।
আনিসুর রহমানের নেতৃত্বে ঘটনার পর থেকেই পুলিশ নবজাতকটিকে উদ্ধারে ওই নারীর খোঁজে অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।
সোমবার বেলা আড়াইটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ড থেকে আয়া পরিচয় দিয়ে নবজাতকটি কোলে নিয়ে পালিয়ে যায় এক নারী।
মামলার তদন্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, হাসপাতালের ওই ওয়ার্ডের নিরাপত্তাকর্মী, নার্স ও অন্য রোগীদের জিজ্ঞাসাবাদ করে ওই নারীর শারীরিক ও পোশাকের বর্ণনা পাওয়া গেছে। ওই নারীর খোঁজে বিভিন্ন স্থানে সোর্স নিয়োগসহ সব থানায় বার্তা পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, “এ ধরনের ঘটনা রাজশাহীতে প্রথম হওয়ায় ওই নারীর সূত্র খুঁজে পেতে কিছুটা সমস্যা হচ্ছে। দ্রুত শিশুটিকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সবল বিভাগ কাজ করছে।”
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন জানান, ওয়ার্ড থেকে নবজাতক চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতল কর্তৃপক্ষ।
সোমবার সন্ধ্যায় সার্জারি বিভাগের প্রধান আবদুল মোমিনকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- গাইনি বিভাগের আবাসিক সার্জন নূরে আতিয়া লাভলী ও একই বিভাগের সহকারী অধ্যাপক রোকেয়া বেগম, সহযোগী অধ্যাপক সুব্রত ঘোষ ও রেডিওথেরাপি বিভাগের আবাসিক সার্জন আশীষ কুমার।
কমিটিকে ১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
তদন্ত কমিটি মঙ্গলবার সকালে ২২ নম্বর ওয়ার্ডে গিয়ে চিকিৎসক, নার্স, নিরাপত্তা কর্মী, রোগী ও তাদের অভিভাবকদের জিজ্ঞাসাবাদ করেছে।
একেএম নাসির উদ্দিন আরও বলেন, তদন্ত কমিটি তাদের কাজ শুরু করেছে। কীভাবে শিশুটি চুরি হলো, হাসপাতালে কেউ জড়িত কিনা বা কারো অবহেলা রয়েছে কিনা তদন্ত কমিটি তা খতিয়ে দেখবে।
