২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থার্টি ফাস্ট উদযাপনে প্রস্তুত কক্সবাজার

খ্রিস্টীয় বছরের শেষদিন মানে থার্টি ফাস্ট। দিনটিতে হইচই, আনন্দ উল্লাসে মেতে ওঠে তরুণ-তরুণীরা। বাদ যায় না শিশু আর প্রবীণরাও।

কক্সবাজার প্রতিনিধি

শংকর বড়ুয়া রুমি,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2014, 08:35 PM

Updated : 13 Oct 2022, 12:58 PM

৩১ ডিসেম্বরকে ঘিরে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার যেন পর্যটকের মেলায় পরিণত হয়।

দিনটিতে কয়েকটি প্রতিষ্ঠান নানা আয়োজন করেছে। দেশের খ্যাতিমান শিল্পীদের ওপেন কনসার্টসহ নানা বর্ণিল আয়োজন রয়েছে পর্যটকদের জন্য।

এ আয়োজনকে ঘিরে পুলিশের ৪ স্তরের নিরাপত্তা, জেলা প্রশাসনের সার্বিক প্রস্তুতিও রয়েছে বলে প্রশাসন থেকে জানানো হয়।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমিন জানিয়েছেন, থার্টি ফাস্ট নাইট উপলক্ষ্যে কক্সবাজার সমুদ্র সৈকতে কয়েকটি বড় অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন আবাসিক হোটেলগুলোতে রয়েছে ছোটবড় শতাধিক অনুষ্ঠান।

তাই পর্যটকদের জন্য আনন্দ-উৎসবের কমতি থাকবে না।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরও জানান, শহরের পর্যটন এলাকা, সমুদ্র সৈকত, হোটেল মোটেলসহ নানা স্থানে ভ্রাম্যমাণ আদালতের ১২টি টিম কাজ করবে পর্যটকদের নিরাপত্তার জন্য। একই সঙ্গে পুরো শহরজুড়ে থাকবে পুলিশ, র‌্যাব, আনসারের বিপুল সংখ্যক সদস্য।

চার স্তরের নিরাপত্তা বলয়

থার্টি ফাস্ট নাইট উপলক্ষে ৪ স্তরের নিরাপত্তা বলয় থাকবে কক্সবাজারে। জেলা প্রশাসন, জেলা পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যটলিয়ন (র‌্যাব) ও টুরিস্ট পুলিশ সমুদ্র সৈকতে আগত পর্যটকদের নিরাপত্তায় কাজ করবে।

কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানিয়েছেন, ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৮০২ জন পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে মাঠে থাকবে আরও ২০০ জন পুলিশ সদস্য এবং র‌্যাবের ৪টি ইউনিট।

ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে ৮৬ জন পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের এএসপির তত্ত্বাবধানে ৯ জন ট্রাফিক সার্জেন্ট এবং ১১ জন এটিএসআইয়ের সঙ্গে থাকবে ৩৫ জন ট্রাফিক কনস্টেবল।

এছাড়া জেলার বাইরের পুলিশের বিভিন্ন ইউনিট থেকে এখানে ২৪০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে।

কক্সবাজারস্থ র‌্যাব ৭ এর ক্যাম্প কমান্ডার এএসপি দেলোয়ার হোসেন জানান, আগত পর্যটকদের নিরাপত্তা প্রদানে র‌্যাবের ৪টি মোবাইল ইউনিটের ৬৪ জন সদস্য সার্বক্ষণিক মাঠে থাকবে। এর পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় র‌্যাবের ১৫০ জনের স্ট্যান্ড বাই টিম প্রস্তুত থাকবে।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদুল কবীর জানিয়েছেন, পর্যটকদের ভ্রমণ সার্বিক নিরাপদ ও আনন্দময় করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

হোটেল, মোটেল বুকিং শেষ

ডিসেম্বরের শুরু থেকে কক্সবাজার পর্যটনের পদভারে মুখরিত হয়ে উঠেছে। আর এ পর্যটকের আগমন থার্টি ফাস্ট নাইটে আনবে ভিন্ন মাত্রা। ইতিমধ্যে দেশ-বিদেশের পর্যটকের উপস্থিতিতে লোকারণ্য হয়ে উঠেছে এ শহর।

ইতিমধ্যে কক্সবাজারের সাড়ে ৪ শতাধিক আবাসিক হোটেল, মোটেল, গেস্ট হাউসও অগ্রিম বুকিং হয়ে গেছে।

সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মতে এবার কক্সবাজারে দুই লক্ষাধিক পর্যটকের সমাগম হবে।

আবাসিক হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির কোষাধ্যক্ষ শফিকুর রহমান জানান, সাড়ে ৪ শতাধিক প্রতিষ্ঠানে তাদের ধারণ ক্ষমতা দেড় লাখ। ৩১ ডিসেম্বর তার সব অগ্রিম বুকিং হয়ে গেছে।

একই সঙ্গে বিলাসবহুল আবাসিক হোটেল, ফ্ল্যাটসমূহে আরও ৫০ হাজার মানুষ থাকবে, যা ইতিমধ্যে বুকিং হয়ে গেছে। এবার ফার্টি ফাস্ট নাইটে পর্যটক আসবে দুই লাখের বেশি। এদের বরণ করতে প্রস্তুত রয়েছেন তারা।

একই কথা বলেছেন হোটেল দ্যা কক্স টুডের পরিচালক (অপারেশন) সাখাওয়াত হোসেন।

থার্টি ফাস্ট নাইটের আয়োজন

থার্টি ফাস্ট নাইটে আগত পর্যটকের আনন্দ দিতে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানে। বেসরকারি টেলিভিশনের উদ্যোগে জেমস, আইয়ুব বাচ্চুসহ দেশখ্যাত শিল্পীদের উপস্থিতিতে রয়েছে সৈকতে পৃথক ওপেন কনসার্ট।

এছাড়া ইন্ডিয়ান আইডলসহ অন্যান্য শিল্পীদের উপস্থিতিতেও নানা অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

দেশ টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি মো. নজিবুল ইসলাম জানান, দেশ টিভি ৩১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১টা পর্যন্ত সৈকতে ওপেন কনসার্টের আয়োজন করেছে।

এ অনুষ্ঠানের শিল্পীরা হলেন এলআরবির আইয়ুব বাচ্চু, চিরকুটের বাপ্পা, হায়দার হোসেন, শাহনাজ বেলীসহ দেশের খ্যাতনামা বেশ কয়েকজন শিল্পী।

এসএ টিভির জেলা প্রতিনিধি আহসান সুমন জানিয়েছেন, এসএটিভির ওপেন কনসার্টে নগর বাউলের জেমস, মিলা, বাংলাদেশ আইডলের শীর্ষ ১০ জন অংশ নেবেন।

হোটেল লংবিচের হেড অব অপারেশন মোহাম্মদ তারেক জানিয়েছেন, ইন্ডিয়ান আইডলের তিনজন শিল্পীর উপস্থিতিতে তাদের রয়েছে রাতব্যাপী অনুষ্ঠান।

এছাড়া আরও শতাধিক অনুষ্ঠান রয়েছে আবাসিক হোটেলকেন্দ্রিক।

অন্যান্য পর্যটন স্পটেও যাচ্ছে মানুষ

কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও প্রতিদিন গড়ে ১০ হাজার পর্যটক অন্যান্য স্পটে ভ্রমনে যাচ্ছে বলে জেলা প্রশাশন সূত্রে জানা গেছে।

ট্যুরিস্ট গাইড বেলাল আবেদীন জানিয়েছেন, প্রতিদিন গড়ে ৫ হাজার পর্যটক যাচ্ছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ইনানী, সোনাদিয়া, আদিনাথ, হিমছড়ি, রামু ও সাফারি পার্কসহ পুরো জেলায় ভ্রমণ করছে ৫ হাজার পর্যটক।

থার্টি ফাস্ট নাইটেও একই পরিস্থিতি বিরাজ করবে বলে জানান তিনি।