প্রশ্ন ‘ফাঁসের’ বছরে জিপিএ-৫ এ ছেদ
পরীক্ষা শুরুর পর থেকে পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জিপিএ-৫ প্রাপ্তির ঊর্ধ্বগতির ধারাবাহিকতায় এবার হঠাৎ করেই ছেদ পড়েছে, প্রাথমিকে কমেছে পাসের হারও।
প্রশ্নপত্র ফাঁস নিয়ে তুমুল হৈ চৈয়ের মধ্যে জেএসসি, জেডিসি ও প্রাথমিক সমাপনী পরীক্ষায় বসে অর্ধ কোটির বেশি শিক্ষার্থী।
মঙ্গলবার প্রকাশিত ফলে দেখা যায়, প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে পাসের হার গতবারের থেকে কমেছে যথাক্রমে শূন্য দশমিক ৬৬ শতাংশ পয়েন্ট ও শূন্য দশমিক ১৮ শতাংশ পয়েন্ট।
জেএসসি-জেডিসিতে গত বছরের থেকে এবার পাসের হার শূন্য দশমিক ৪৭ শতাংশ পয়েন্ট বাড়লেও জিপিএ-৫ পাওয়ার সংখ্যা কমেছে ১৫ হাজার ৯৭৩।
প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে গত বারের থেকে ১৭ হাজার ২৬২ জন কম শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
জেএসসি-জেডিসিতে এর আগের তিন বছরের ব্যবধানে পাসের হার বেড়েছিল ৬ দশমিক ২৩ শতাংশ পয়েন্ট।
চলতি বছর এসএসসি, এইচএসসিসহ চারটি পাবলিক পরীক্ষার প্রশ্ন সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। উচ্চ মাধ্যমিকে ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন ফাঁস হওয়ায় পরীক্ষা স্থগিত হয়।
গ্রেডিং পদ্ধতি চালুর পর থেকে চারটি পাবলিক পরীক্ষায়ই প্রতি বছর পাসের হারের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।
সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ফেলের খবরে সমালোচনায় পড়তে হয় সরকারকে।
ঢালাও প্রশ্ন ফাঁস হওয়ায় পাসের হারের সঙ্গে জিপিএ-৫ বাড়ার ‘সমালোচনার’ ভয়ে এ বছর পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা সরকার ‘ইচ্ছে’ করেই কমিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এক উপদেষ্টা মনে করছেন, প্রশ্ন ফাঁসের ফলে পুরো পরীক্ষা পদ্ধতিই ‘প্রশ্নবিদ্ধ’ হয়ে পড়েছে।
তবে শিক্ষাবোর্ড কর্মকর্তারা বলছেন, জেএসসিতে এবার প্রথমবারের মতো গণিতে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা নেওয়া এবং একটি নতুন বিষয় যুক্ত হওয়ায় জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমতে পারে।
প্রাথমিকে পাসের হার ও জিপিএ-৫ কমার বিষয়ে দায়িত্বশীল কেউ কোনো কথা বলেননি। তবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার শিক্ষকদের আরও দরদী হওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রশ্ন ফাঁসের অভিযোগ অস্বীকার করে আসা এই মন্ত্রী প্রশ্ন ফাঁসরোধে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন।
অর্থাভাবে এবছর এক সেট প্রশ্ন ছাপিয়ে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা নেওয়া হয়েছে, যেই পরীক্ষার সব প্রশ্ন ফাঁস হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
আহসান হাবীব নামের এক ব্যাংক কর্মকর্তা বলেন, “আমার ছেলে জিপিএ-৫ পাওয়ার মতো পরীক্ষা দিলেও পায়নি, ফল পুনঃনিরীক্ষার আবেদন করব।”
‘ভালো’ পরীক্ষা দিয়েও জেএসসিতে নিজের মেয়ে জিপিএ-৫ না পাওয়ায় নাজনীন আক্তার নামের এক অভিভাবকের প্রশ্ন, “প্রশ্ন ফাঁসের বছরে হঠাৎ করে জিপিএ-৫ কমে গেলে কেন?”
হাবিবুর রহমান নামের এক এনজিও কর্মকর্তা বলেন, “ফেইসবুকে প্রায় সব পরীক্ষারই প্রশ্ন ফাঁস হওয়ায় সরকার ইচ্ছে করেই পাসের হার ও জিপিএ-৫ এর হার কমিয়ে দিয়েছে।”
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক দিলারা হাফিজ মনে করেন, গণিতে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হওয়ায় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় যুক্ত হওয়ায় জিপিএ-৫ প্রাপ্তির হার কমতে পারে।
ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীকান্ত কুমার চন্দ জানান, কোন বিষয়ে কত শতাংশ শিক্ষার্থী পাস করেছে এখনো তারা সেই হিসেব করেননি। সব বোর্ড থেকে তথ্য পেলে তা জানা যাবে।
২০০৯ সালে প্রাথমিক সমাপনীতে ৮৮ দশমিক ৮৪ শতাংশ, ২০১০ সালে ৯২ দশমিক ৩৪ শতাংশ, ২০১১ সালে ৯৭ দশমিক ২৬ শতাংশ এবং ২০১২ সালে ৯৭ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করে।
আর ইবতেদায়ীতে ২০১০ সালে ৭৫ দশমিক ২৬ শতাংশ, ২০১১ সালে ৯১ দশমিক ২৮ শতাংশ এবং ২০১২ সালে ৯২ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।
প্রশ্ন ফাঁসের ফলে পুরো পরীক্ষা পদ্ধতিই ‘প্রশ্নবিদ্ধ’ হয়ে পড়েছে বলে মনে করছেন গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী।
জেএসসি-জেডিসিতে জিপিএ-৫ কমার পেছনে ওই পরীক্ষার সময় রাজনৈতিক অস্থিরতাও কারণ হতে পারে বলে মনে করেন তিনি।
‘প্রশ্ন ফাঁস উদ্যোগের বিষয়’ উল্লেখ করে রাশেদা বলেন, পুরো পরীক্ষা পদ্ধতিতে কোথাও ত্রুটি আছে কি না তা খুঁজে বের করতে হবে। প্রশ্নপত্র তৈরি, মডারেশন এবং ছাপানোর প্রক্রিয়াগুলো খুব শক্ত হওয়া উচিত।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, প্রশ্ন ফাঁসের অভিযোগ সরকার অস্বীকার করলেও তথ্য-প্রমাণের ভিত্তিতেই তা করতে হবে। সব থেকে বড় কথা অপরাধীদেরও আইনের আওতায় আনতে হবে।
