শীর্ষস্থান পুনরুদ্ধার রাজউকের
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার দেশের সেরা ১০ প্রতিষ্ঠানের প্রথম তিনটিসহ পাঁচটিই ঢাকা বোর্ডের।
গতবারের সেরা ভিকারুননিসা নূন স্কুলকে পেছনে ফেলে এবার শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে রাজউক উত্তরা মডেল স্কুল। এ স্কুলের ৫৩৬ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫২৮ জন। পাস করেছে শতভাগ শিক্ষার্থী।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন।
এবার আটটি সাধারণ বোর্ডের অধীনে জেএসসিতে পাসের হার ৮৯ দশমিক ৮৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫৬ হাজার ১৩৫ জন।
নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর হার, পাসের হার, জিপিএ-৫ পাওয়ার হার, পরীক্ষার্থীর সংখ্যা এবং শিক্ষা প্রতিষ্ঠানের গড় জিপিএ- এই পাঁচটি মানদণ্ডের ভিত্তিতে সেরা শিক্ষা প্রতিষ্ঠান বাছাই করা হয়।
এসব মানদণ্ড অনুযায়ী ৯৯ দশমিক ৩২ স্কোর নিয়ে তালিকার শীর্ষে আছে রাজউক উত্তরার মডেল কলেজ।
৯৮ দশমিক ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে গত বারের শীর্ষস্থানে থাকা প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুলের রমনা শাখা।
এই প্রতিষ্ঠানের ১ হাজার ৫১১ পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৪২ জন।
সেরা প্রতিষ্ঠানের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। ৯৬ দশমিক ৫৩ পয়েন্ট নিয়ে এই প্রতিষ্ঠানের ১ হাজার ৪৫৪ জন শিক্ষার্থীর একজন বাদে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২৯৫ জন।
সেরা দশের অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল (৯৫ দশমিক ০৩), ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ (৯৫ দশমিক ০১), চট্টগ্রামের খস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (৯৪ দশমিক ৬৪), চট্টগ্রাম কলেজিয়েট স্কুল (৯৪ দশমিক ৫৬), বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (৯৪ দশমিক ৪৮), লালবাগের বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক কলেজ (৯৪ দশমিক ৩৮) এবং বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (৯৪ দশমিক ৩৩)।
