মুকুট এবারও মনিপুরের
টানা চতুর্থবারের মতো প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় দেশসেরা ফল করেছে ঢাকার মনিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ স্কুলের পঞ্চম শ্রেণির ৩ হাজার ৩৪৯ পরীক্ষার্থীর মধ্যে সবাই প্রাথমিক সমাপনীতে পাস করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭৩২ জন।
নিবন্ধিত ছাত্রছাত্রীর সংখ্যা, পাসের হার, জিপিএ-৫ পাওয়ার হার এবং পরীক্ষায় উপস্থিত ছাত্রছাত্রীদের হারের ভিত্তিতে প্রাথমিকে সারা দেশের সেরা ২০ স্কুলের একটি তালিকা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
এই হিসাবে সেরাদের সেরা মনিপুর উচ্চ বিদ্যালয় পেয়েছে ৯৯ দশমিক ৭৫ পয়েন্ট।
প্রাথমিকে দেশসেরা ২০ প্রতিষ্ঠানের মধ্যে ১৬টিতে শতভাগ শিক্ষার্থী পাস করেছে এবার।
ঢাকার মতিঝিল ন্যাশনাল আইডিয়াল স্কুল ৭৪ দশমিক ০৬ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় অবস্থানে। এই স্কুল থেকে এক হাজার ৫১৮ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৪০৪ জন।
মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল ৬৮ দশমিক ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে। এই স্কুলের এক হাজার ১৩৩ জনের মধ্যে সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৫৭ জন।
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (স্কোর ৬৫১ দশমিক ৯৬) চতুর্থ এবং রমনার ভিকারুন নিসা নূন স্কুল (স্কোর ৬৫ দশমিক ৫৭) পঞ্চম এবং ডেমরার সামসুল খান স্কুল অ্যান্ড কলেজ (স্কোর ৬৩ দশমিক ১৫) দেশ সেরাদের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে।
মেধাক্রম অনুযায়ী শীর্ষ ২০ এর বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল (স্কোর ৬০ দশমিক ৬৫), কুমিল্লা সদরের কুমিল্লা মডার্ন স্কুল (স্কোর ৫৯ দশমিক ৯১) ও ডেমরার এ কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কোর ৫৯ দশমিক ০১)।
গুলশান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (স্কোর ৫৮ দশমিক ৬৩), চট্টগ্রামের বি এন স্কুল অ্যান্ড কলেজ (স্কোর ৫৭ দশমিক ৭৭), ঢাকার শহীদ বীর উত্তম লে. আনোয়ার গালর্স কলেজ (স্কোর ৫৭ দশমিক ৪২), রমনার উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ (স্কোর ৫৭ দশমিক ৪০)।
প্রাথমিক সমাপনীতে এবার ৯৭ দশমিক ৯২ শতাংশ এবং ইবতেদায়ীতে ৯৫ দশমিক ৯৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ২৪ হাজার ৪১১ জন। আর ইবতেদায়ীতে পুর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৫৪১ জন।
