২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসি: যশোরে পাস বাড়লেও কমেছে জিপিএ-৫

যশোর বোর্ডে এবার পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫-এর সংখ্যা।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2014, 03:17 PM

Updated : 22 Aug 2022, 08:11 PM

গত বছর জেএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাসের হার ছিল ৮৯ দশমিক ০৩। ওই বছর জিপিএ-৫ পেয়েছিল ১৪ হাজার ৭শ’ ৪ শিক্ষার্থী।

এবার পাসের হার ৯১.৯৬ হলেও জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৬শ’ ৮৫ শিক্ষার্থী।

যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবু দাউদ বলেন, এবারই প্রথম সাধারণ গণিতে সৃজনশীল প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছে। যে কারণে অনেক শিক্ষার্থী গণিতে ভালো করতে পারেনি। সে কারণেই এবার জিপিএ-৫ এর সংখ্যা গতবারের তুলনায় কমে গেছে।

বোর্ড সেরা ২০ স্কুল

এবারের জেএসসি পরীক্ষায় সেরা ২০ স্কুলের মধ্যে ৯টি যশোরের। এছাড়া সেরা ২০-এ খুলনার ৭টি, কুষ্টিয়া ও ঝিনাইদহের ২টি করে এবং সাতক্ষীরার ১টি স্কুল রয়েছে।

সেরা ২০-এর শীর্ষ স্থান দখল করেছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ। এখান থেকে ৫২ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়, যাদের সবাই জিপিএ-৫ পেয়েছে।

দ্বিতীয় স্থানে খুলনার ফুলতলা মিলিটারি কলেজিয়েট স্কুল, তৃতীয় খুলনার সরকারি করোনেশন সেকেন্ডারি গার্লস স্কুল, চতুর্থ স্থানে যশোরের পুলিশ লাইন স্কুল, পঞ্চম স্থানে যশোরের শেখ আকিজ উদ্দিন হাইস্কুল, ৬ষ্ঠ স্থানে খুলনা জিলা স্কুল, ৭ম স্থানে যশোরের আকিজ আইডিয়াল স্কুল, ৮ম স্থানে যশোরের সরকারি বালিকা বিদ্যালয়, ৯ম স্থানে কুষ্টিয়ার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও ১০ম স্থানে রয়েছে যশোর জিলা স্কুল।

এরপর পর্যায়ক্রমে রয়েছে সকিনা বালিকা উচ্চ বিদ্যালয়, কুষ্টিয়া জিলা স্কুল, দাউদ পাবলিক স্কুল, খুলনার খালিশপুরের পাবলিক কলেজ, খুলনার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, খুলনার নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, যশোরের কেশবপুর হাইস্কুল, সাতক্ষীরার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও ২০তম স্থান যৌথভাবে দখল করেছে যশোরের বিএএফ শাহীন কলেজ ও ঝিনাইদহের সরকারি বালিকা বিদ্যালয়।

শূন্য পাস তিন স্কুলে

এবার জেএসসি পরীক্ষায় যশোর বোর্ডের ৩টি স্কুল থেকে কোন শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি। স্কুল তিনটি হচ্ছে খুলনার দেবীপুর জুনিয়র গার্লস হাইস্কুল, মেহেরপুরের বিপিএন জুনিয়র গার্লস হাইস্কুল ও ঝিনাইদহের রাঙ্গিয়ারপোতা জুনিয়র সেকেন্ডারি স্কুল।

যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবু দাউদ জানান, দেবীপুর জুনিয়র গার্লস হাইস্কুল থেকে ২ জন, বিপিএন জুনিয়র গার্লস হাইস্কুল থেকে ১ জন এবং রাঙ্গিয়ারপোতা জুনিয়র সেকেন্ডারি স্কুল থেকে ৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যাদের কেউই পাস করতে পারেনি।

গতবার কেউ পাস করেনি এমন স্কুলের সংখ্যা ছিল ৫টি।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবু দাউদ বলেন, এ ধরণের স্কুলগুলোকে বোর্ডের পক্ষ থেকে বিশেষ নজর দেওয়া হয়ে থাকে। সে কারণেই কেউ পাস করেনি এমন স্কুলের সংখ্যা কমছে।

শতভাগ পাস ৭২০ স্কুলে

খুলনা বিভাগের ১০টি জেলার ২ হাজার ৭শ’ ২৭টি স্কুল থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এমন স্কুলের সংখ্যা ৭২০টি বলে জানিয়েছেন যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক।