২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইচ্ছা থাকলে সম্ভব: প্রধানমন্ত্রী

নতুন বছরের শুরুতে জুনিয়র ও প্রাথমিকের পরীক্ষার ফল প্রকাশ ও শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2014, 11:40 AM

Updated : 13 Oct 2022, 12:58 PM

বলেছেন, সময় মতো বই ছাপানো, স্কুলে স্কুলে বই পৌঁছে দেওয়া এবং বিতরণ কঠিন কাজ। তবে ইচ্ছা থাকলে তা করা সম্ভব।

মঙ্গলবার গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছ থেকে জেএসসি-জেডিসি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের হাত থেকে পিইসি ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফলাফলের অনুলিপি নেওয়ার সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

অনুষ্ঠানে বই উৎসবেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ বছর সারা দেশের শিক্ষার্থীদের মাঝে ৩২ কোটি, ৬৩ লাখ, ৪৭ হাজার ৯২৩টি বই বিতরণের জন্য প্রস্তুত করা হয়েছে।

“পৃথিবীর কোনো দেশ এটা কল্পনাও করতে পারবে না।”

এদিন বই উৎসবের উদ্বোধন হলেও নতুন বছরের প্রথম দিন স্কুলে স্কুলে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে এই বই।

তিনি বলেন, “শিক্ষার জন্য আমরা যে ব্যায় করি এটা আসলে বিনিয়োগ। শিক্ষিত জাতি ছাড়া দারিদ্রমুক্ত দেশ গড়া সম্ভব নয়।”

দুই সমাপনী পরীক্ষায় যারা ভালো ফলাফল করেছে তাদেরও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

এবছর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৯৭ দশমিক ৯২ শতাংশ ও ইবতেদায়ীতে ৯৫ দশমিক ৯৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

এর মধ্যে প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ২৪ হাজার ৪১১ জন। আর ইবতেদায়ীতে ৬ হাজার ৫৪১ জন।

অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফেকেট (জেডিসি) পরীক্ষায় এবার পাস করেছে ৯০ দশমিক ৪১ শতাংশ শিক্ষর্থী।

এর মধ্যে আটটি সাধারণ বোর্ডের অধীনে জেএসসিতে ৮৯ দশমিক ৮৫ শতাংশ এবং মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে ৯৩ দশমিক ৫০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

জেএসসি-জেডিসি মিলিয়ে এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫৬ হাজার ২৩৫ জন।

ফলাফল হস্তান্তর ও বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন।