বাকি না দেওয়ায় ঘুষি, প্রাণ গেল দোকানির
দিনাজপুর শহরে বাকিতে পান-সিগারেট দিতে অস্বীকার করায় দুই যুবকের ঘুষিতে এক বৃদ্ধ দোকানির মৃত্যু হয়েছে।
কোতোয়ালি থানার ওসি খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দুপুরে বড়বন্দর এলাকায় এ ঘটনার পর ডলার নামে ২৫ বছর বয়সী এক যুবককে তারা আটক করেছেন।
আটক ডলার শহরের ছোট গুড়গোলা এলাকার ডাব্লু নামের এক ব্যক্তির ছেলে। ঘটনায় জড়িত আরেক যুবক সাবু পলাতক।
নিহতের ছেলে রকিকে উদ্ধৃত করে ওসি জানান, বেলা দেড়টার দিকে মতিয়ারের দোকানে গিয়ে বাকিতে পান-সিগারেট চায় সাবু। এ সময় মতিয়ার আগে নেওয়া বাকির পাওনা টাকা চান এবং পান-সিগারেট দিতে অস্বীকার করেন।
এতে ক্ষিপ্ত হয়ে সাবু ও তার বন্ধু ডলার বৃদ্ধ দোকানিকে ঘুষি মারতে থাকলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে খালেকুজ্জামান জানান।
