শরীয়তপুরে ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ
শরীয়তপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচন চলাকালে সংঘর্ষে মাহমুদপুর ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার এ ঘটনায় পুলিশসহ আরও অন্তত ১০ জন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন ইমারত তালুকদার, সোলয়মান ঘরামী, আব্দুল হান্নান তালুকদার, ইদ্রিস মাদবর, জন তালুকদার, নাজমুল তালুকদার ও মাহমুদপুর ইউপি চেয়ারম্যান শাহ আলম মুন্সি।
আহত হান্নান তালুকদার জানান, নির্বাচন চলাকালে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসেন হাওলাদারের সমর্থক মাহমুদপুরের চেয়ারম্যান শাহ আলম মুন্সি লোকজন নিয়ে ভোট কেন্দ্রে জোর করে ঢুকতে চাইলে পুলিশ তাদেরকে বাধা দেয়। এ সময় পুলিশের সাথে ধস্তাধস্তিও হয়।
গোসাইরহাট থানার ওসি মোফাজ্জেল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।
সহকারী পুলিশ সুপার তানভির হায়দার সাওন বলেন, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান এর নেতৃত্বে কিছু লোক জোর করে পুলিশের উপস্থিতিতে ভোট কাটার জন্য কেন্দ্রে ঢুকতে চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
কিন্তু চেয়ারম্যান গুলিবিদ্ধ হওয়ার ব্যাপারটি তার জানা নেই বলে জানান।
গত ১৫ মার্চ শরীয়তপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় মামলা গড়ায় উচ্চ আদালত পর্যন্ত।
শেষে আদালতের আদেশের পর ২৩ ডিসেম্বর ভোট গ্রহণের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।
