২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুরে কারাবন্দিদের বিজয় উৎসব

নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করেছেন কাশিমপুর কারাগারের বন্দিরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2014, 06:03 PM

Updated : 22 Aug 2022, 08:06 PM

মঙ্গলবার ৪৩ তম বিজয় দিবসে তারা কারাগারের হলরুমে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোদকসহ বিভিন্ন ধরনের গান করেন।

এছাড়া নিজেদের মতো করে কারাগারের ভেতরে আল্পনা এঁকে ও ফুল দিয়ে বর্ণিল করে তোলেন বিজয় দিবসের আনন্দকে।

কাশিমপুরস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার-১-এর ভারপ্রাপ্ত সুপার মো. মিজানুর রহমান জানান, বিজয় দিবস উপলক্ষে এ কারাগারে বন্দিদেরকে এদিন নিজেদের মতো করে চলা ও আনন্দ করার সুযোগ দেওয়া হয়েছে। তারা কারাভ্যন্তরে দিনব্যাপী আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক, পল্লীগীতি ও আধুনিক গান গেয়ে নিজেদের বিজয়ের আনন্দ ভাগাভাগি করেছেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

তাদের সঙ্গে কারা কর্মকর্তা ও কর্মচারীরাও একাত্মতা প্রকাশ করেছেন।

নিজেদের মতো করে ফুল ও আলপনা এঁকে ও কারাভ্যন্তরে পরিষ্কার-পরিচ্ছন্ন করে সাজিয়েছেন বন্দিরা।

এ কারাগারে বিজয় দিবস উপলক্ষে কারাবন্দি ও কারারক্ষীদের মধ্যে ভলিবল ও ব্যাডমিন্টন খোলারও আয়োজন করা হয় বলে সুপার জানান।

গাজীপুরের কাশিমপুরস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার-২-এর ভারপ্রাপ্ত সুপার মো. জাহাঙ্গীর কবির জানান, তাদের কারাগারের হলরুমে সকাল ৯টা থেকে কারাবন্দিদের অংশগ্রহণে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

এতে বন্দিরা স্বাধীনতা ও বাঙালির বিজয়ী হওয়ার গৌরবগাথা নিয়ে গান করেন। তারা সমস্বরে পরিবেশন করেন ‘এক সাগর রক্তের বিনিময়ে----’, ‘তীর হারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে---’ এবং এ ধরনের বিভিন্ন দেশাত্মবোধক গান।

কয়েকদিন আগে থেকেই কারাগারে তারা আলপনা এঁকে বর্ণিল সাজে সাজিয়ে তোলেন।

বিজয় দিবস উপলক্ষে কাশিমপুর কারাগারে কারাবন্দিদের বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়।

তাদের খাবারের তালিকায় সকালে পায়েশ, মুড়ি, খিচুরি ও ডিম। দুপুরে সাদা ভাত, মাছ, আলুর দম, ডাল এবং রাতে পোলাও, মাংস, মিষ্টি, সালাদ, পান-সুপারির ব্যবস্থা রয়েছে।