২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কীটনাশক ব্যবহার কমাতে হবে: প্রধানমন্ত্রী

কৃষিকাজে কীটনাশক ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2014, 07:30 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪১৯’ প্রদান অনুষ্ঠানে কীটনাশক ব্যবহারের ক্ষতিকারক দিকগুলো তুলে ধরে শেখ হাসিনা বলেন, “কীটনাশক ব্যবহার কমাতে হবে। অধিক কীটনাশক ব্যবহারে জমির উর্বরতা নষ্ট হয়।”

কীটনাশক ব্যবহারে জলজ প্রাণি ও উদ্ভিদ কমে যাওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী।

শনিবার বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কৃষি মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে শেখ হাসিনা কীটনাশকের বদলে দেশীয় পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

“জমিতে কঞ্চি বা ডাল পুতে রাখা যায়। সেখানে পাখি বসে পোকামাকড় খেয়ে ফেলতে পারে।”

এক্ষেত্রে ‘ফেরোমেন ফাঁদ’ ব্যবহারের কথাও বলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী গুটি ইউরিয়া ব্যবহারের যৌক্তিকতা তুলে ধরলেও সরাসরি ইউরিয়া ও ফসফেট সার ব্যবহার কমানোর কথা বলেন। 

তিনি বলেন, “জৈব সার ব্যবহারে দৃষ্টি দিতে হবে। সুষম সার ব্যবহার একান্ত প্রয়োজন।”

জমিতে সেচ কাজে যেন পানির অপচয় না হয় সেদিকে দৃষ্টি দেওয়ার কথাও বলেন শেখ হাসিনা।

আউশ-আমন মৌসুমে অধিক চাষাবাদের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের ভোজ্যতেলের ৯০ ভাগ নাকি বিদেশ থেকে আমদানি করতে হয়। আমাদের বিদেশ থেকে আমদানি করতে হবে কেন? অল্প সেচে অধিক উৎপাদন হয়-এই রকম শস্যের চাষ বাড়াতে হবে।”

বিগত ছয় বছরে কৃষিতে মোট ৪৩ হাজার ২৬৬ কোটি টাকা উন্নয়ন সহায়তা দেওয়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “কৃষকদের সহায়তা দিতে গেলে আন্তর্জাতিক সংস্থাগুলো বাঁধা দেয়। আমরা কৃষিতে ভর্তুকি অব্যাহত রেখেছি। এটা ভর্তুকি না, বিনিয়োগ। আমরা আন্তর্জাতিক সংস্থার কথা কানে দেইনি। আমরা মনে করি, কৃষকদের সহায়তা দেওয়া আমাদের দায়িত্ব।”

জমিতে সেচের সময় বিদ্যুৎ ও পানির অপচয় রোধে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে  প্রধানমন্ত্রী বলেন, সরকার কৃষকদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করছে। বিদ্যুতের অপচয় রোধের পাশাপাশি সেচের সময় পানির অপচয় রোধেও সচেতন হতে হবে।

দক্ষিণাঞ্চলের অধিবাসীদের প্রতি খাদ্যশস্য উৎপাদন আগের চেয়ে বাড়ানোর আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “এজন্য প্রয়োজনে উৎপাদন প্যাটার্ন পরিবর্তন করতে হবে।” 

২০০৮-০৯ অর্থবছরে খাদ্যশস্যের উৎপাদন ছিল ৩৩৩ লাখ মেট্রিক টন। ২০১৩-১৪ অর্থবছরে তা ৩৮৩ লাখ ৪৩ হাজার মেট্রিক টনে উন্নীত হয়েছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন।

তিনি বলেন, “২০০৯ সাল হতে চলতি বছরের জুন পর্যন্ত লবণাক্ততা, জলমগ্নতা, খরা ও তাপ সহিষ্ণু জাতসহ বিভিন্ন ফসলের মোট ১৮৭টি উচ্চ ফলনশীলজাত উদ্ভাবন করা হয়েছে।”

চরাঞ্চলে ভুট্টা ও সব্জি চাষ, পাহাড়ে ফল চাষ, জলাভূমিতে ভাসমান সব্জি চাষ কার্যক্রম সম্প্রসারণ করার কথাও বলেন শেখ হাসিনা।

“২০০৯-১০ অর্থবছর হতে এ পর্যন্ত সর্বমোট ৬ লাখ ৮৭ হাজার মেট্রিক টন বিভিন্ন ফসলের মানসম্পন্ন বীজ উৎপাদন করা হয়েছে”, বলেন তিনি।

কৃষি বিজ্ঞানীদের প্রণোদনা প্রদান ও গবেষণা কার্যক্রমকে জোরদার করার কথাও বলেন প্রধানমন্ত্রী।

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে কৃষি সচিব এস এম নাজমুল ইসলাম  স্বাগত বক্তব্য দেন।

পুরনো খবর:

কৃষিতে অবদানে পদক পেল ৩০ ব্যক্তি-প্রতিষ্ঠান