চট্টগ্রামে গ্রেপ্তার ৭ হিযবুতকর্মী কারাগারে
চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা মোড়ে লিফলেট বিলির সময় গ্রেপ্তার হিযবুত তাহরীরের সাত কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে ১২ জনকে আটক করে পুলিশ। এদের মধ্যে সাতজন হিযবুতকর্মী।
নগরীর কোতোয়ালি থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রশিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাত হিযবুত তাহরীর সদস্যকে আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো সাতজন হলেন- সাফায়াত ইয়াছির ইকবাল, আরিফুল ইসলাম, রায়হানুল ইসলাম, ইফতেখারুল ইসলাম, নূর মোহাম্মদ, আসীফ মো. বিলাউল ও তন্ময় সুফিয়ান।
এদের মধ্যে সাফায়াত ও রায়হানুল হাজী মুহাম্মদ সরকারি মহসিন কলেজের, ইফতেখারুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ও তন্ময় সুফিয়ান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
গ্রেপ্তার হিযবুতকর্মীদের কাছ থেকে কিছু লিফলেটও উদ্ধার করা হয়।
