মুজাহিদের আপিল শুনানি শুরু ১৪ জানুয়ারি
যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একাত্তরের বদর নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিলের শুনানি শুরু হবে আগামী ১৪ জানুয়ারি।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ বুধবার এই দিন ঠিক করে দেয়।
বেঞ্চের অন্য চার বিচারক হলেন- বিচারপতি এস কে সিনহা, বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
এদিন আদালতের কার্যতালিকার ১ নম্বরেই মুজাহিদের আপিল মামলা ছিল। তার পক্ষে আদালতে ছিলেন জয়নুল আবেদীন তুহিন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহববে আলম।
এই বেঞ্চেই জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল শুনানি হয়েছিল। আপিল দায়েরের ক্রম অনুসারে মুজাহিদের আগেই গোলাম আযম ও বিএনপি নেতা আব্দুল আলিমের মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে তাদের মৃত্যুর কারণে এগিয়ে আসে মুজাহিদের মামলা।
গত ১৭ জুলাই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-২ এর দেওয়া মৃত্যুদণ্ডের আদেশের বিরুদ্ধে ১১ অগাস্ট এই আপিল দায়ের করেন মুজাহিদ। রাষ্ট্রপক্ষ আপিল না করলেও শুনানিতে অংশ নিয়ে দণ্ড বহাল রাখতে যুক্তিতর্ক উপস্থাপন করবে।
চার দশক আগে বাঙালির স্বাধীনতার পথ রুদ্ধ করতে সাংবাদিক, শিক্ষকসহ বুদ্ধিজীবী হত্যা এবং সাম্প্রদায়িক হত্যা-নির্যাতনের দায়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল।
অপহরণ, নির্যাতন, হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি ঘটনায় মুজাহিদের সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেওয়া হয় ট্রাইব্যুনালের রায়ে।
ট্রাইব্যুনাল-২ এর প্রধান বিচারপতি ওবায়দুল হাসান রায়ে বলেন, এ আসামির মৃত্যুদণ্ড দেওয়া না হলে ন্যায়বিচার হবে না।
মুজাহিদ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করতে গঠিত আলবদর বাহিনীর কমান্ডার ছিলেন এবং ওই বাহিনীর ওপর তার ‘কার্যকর নিয়ন্ত্রণ’ ছিল বলেও উঠে আসে ওই রায়ে।
মুজাহিদের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি ট্রাইব্যুনালে প্রমাণিত হয়।
প্রথম অভিযোগে সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনকে অপরণের পর হত্যা এবং ষষ্ঠ অভিযোগে বুদ্ধিজীবীসহ গণহত্যার ষড়যন্ত্র ও ইন্ধনের অভিযোগে ফাঁসির আদেশ দেওয়া হয় এই জামায়াত নেতাকে। একই রায় হয় সপ্তম অভিযোগে, ফরিদপুরের বকচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের ওপর বর্বর হামলা চালিয়ে হত্যা-নির্যাতনের ঘটনায়।
এছাড়া পঞ্চম অভিযোগে সুরকার আলতাফ মাহমুদ, গেরিলা যোদ্ধা জহিরউদ্দিন জালাল ওরফে বিচ্ছু জালাল, শহীদ জননী জাহানারা ইমামের ছেলে শাফি ইমাম রুমি, বদিউজ্জামান, আবদুল হালিম চৌধুরী জুয়েল ও মাগফার আহমেদ চৌধুরী আজাদসহ কয়েকজনকে ঢাকার নাখালপাড়ায় পুরনো এমপি হোস্টেলে আটকে রেখে নির্যাতন এবং জালাল ছাড়া বাকিদের হত্যার ঘটনায় সংশ্লিষ্টতার জন্য মুজাহিদকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।
আর তৃতীয় অভিযোগে ফরিদপুর শহরের খাবাসপুরের রণজিৎ নাথকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় মুজাহিদকে।
তবে দ্বিতীয় অভিযোগে ফরিদপুরের চরভদ্রাসনে হিন্দু গ্রামে গণহত্যা এবং চতুর্থ অভিযোগে আলফাডাঙ্গার আবু ইউসুফ ওরফে পাখিকে আটকে রেখে নির্যাতনের ঘটনার সত্যতা পাওয়া গেলেও তাতে মুজাহিদের সংশ্লিষ্টতা প্রসিকিউশন প্রমাণ করতে পারেনি বলে রায়ে উল্লেখ করা হয়। এ দুটি অভিযোগ থেকে তাকে খালাস দেয়া হয়।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগের একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে গ্রেপ্তার করার পর ২ অগাস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
২০১২ সালের ২১ জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে মুজাহিদের যুদ্ধাপরাধের বিচার শুরু হয়।
ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে এ পর্যন্ত তিন জনের আপিলের রায় দিয়েছে সর্বোচ্চ আদালত।
ট্রাইব্যুনালে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে সর্বোচ্চ শাস্তি দেয় আপিল বিভাগ, যা গত বছর ডিসেম্বরে কার্যকর করা হয়।
এরপর আপিলের রায়ে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর। ট্রাইব্যুনালের রায়ে তার সর্বোচ্চ শাস্তি হয়েছিল।
সর্বশেষ জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছে আপিল বিভাগ।
গত মাসে কামারুজ্জামানের সর্বোচ্চ শাস্তির রায় হলেও ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের অপেক্ষা চলছে।
