বঙ্গোপসাগর থেকে ১০ জলদস্যু আটক
বঙ্গোপসাগরের কুতুবদিয়ার মোহনা থেকে মিয়ানমারের দুজনসহ ১০ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড।
অভিযানে জলদস্যুদের হাত থেকে দুই জেলেকেও উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে এ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড কুতুবদিয়া স্টেশনের একটি দল।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া উইং ইন-চার্জ রাজিব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুতুবদিয়া মোহনায় একটি মাছ ধরার ট্রলারে ডাকাতি হবে এমন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়।
“অভিযানে সন্দেহজনক গতিবিধির কারণে একটি ট্রলারকে ধাওয়া দিয়ে আটক করলে মিয়ানমারের দুজনসহ ১০ জলদস্যুকে গ্রেপ্তার করে কোস্টগার্ড।”
পরে ওই ট্রলারের একটি কক্ষ থেকে অপহৃত দুই জেলের সন্ধান পাওয়া যায় বলে জানান রাজিব হাসান।
উদ্ধার দুই জেলে হল- কক্সবাজার জেলার মহেশখালি উপজেলার কুতুবজুম গ্রামের বাহাদুর (৩৮) ও মাহমুদুল্লাহ (২৮)।
আটককৃতদের মধ্যে খোকন (২৮) ও আবদুল খালেক (৩০) মিয়ানমারের নাগরিক। বাকিরা হলেন- নেছার (৩৫), মামুন (২২), রেজাউল (২৭), মিজান (২২), ইউনুস (২৪), রবিউল আলম (২০), হারুন মিয়া (২১), জহির আলম (২৩)।
আটককৃতদের কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
