২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জীবনমান উন্নয়ন ও দারিদ্র দূরীকরণে সফল নয় সার্ক’

জীবনমান উন্নয়ন ও দারিদ্র দূরীকরণের ভূমিকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর জোট সার্ক ততোটা সফল নয় বলে ঢাকায় এক সংবাদ সম্মেলনে মত প্রকাশ করেছেন কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থার নেতৃস্থানীয়রা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2014, 01:08 AM

Updated : 22 Aug 2022, 07:53 PM

চলতি মাসে নেপালে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা বিষয়ক সংস্থা সার্কের ১৮তম শীর্ষ সম্মেলন শুরুর আগে শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘পিপলস সার্ক বাংলাদেশ’ আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানানো হয়।

অনুষ্ঠানে বেসরকারি সংস্থা ইক্যুইটিবিডির মোস্তফা কামাল আকন্দ, নাগরিক উদ্যোগের জাকির হোসেন, বাপার পরিচালক আব্দুল মতিন, আইইডির রশিদী মাহবুব এবং নারী প্রগতি সংঘের শাহানাজ সুমীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সার্কভুক্ত দেশগুলোর নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে ‘পিপলস সার্ক’ গঠিত। আগামী ২২ থেকে ২৭ নভেম্বর নেপালে সার্কের শীর্ষ সম্মেলনের আগে ওই দেশে ১৫টি সেমিনার ও মুক্ত আলোচনার আয়োজন করবে এই মোর্চাটি।

বেসরকারি সংস্থা আইইডির পরিচালক রশিদী মাহবুব বলেন, “দক্ষিণ এশিয়ার ১৭৫ কোটি জনগণের জীবনমান উন্নয়ন ও দারিদ্রতা দূরকরণের লক্ষ্যে সার্ক গঠন করা হলেও তার বাস্তব প্রতিফলন খুব কমই লক্ষ্য করা গেছে।

“প্রতিষ্ঠার পর থেকে ১৭টি শীর্ষ সম্মেলন হয়ে গেলেও সীমাবদ্ধতার কারণে নদী শাসন, পরিবেশ সুরক্ষা, খাদ্য নিরাপত্তার মতো বিষয়গুলো নিয়ে সরকার প্রয়োজনীয় দাবি তুলতে পারে না। এসব কারণে পিপলস সার্কের প্ল্যাট ফর্মে নাগরিক সমাজের প্রতিনিধিরা সম্মেলনের আগে নেপালে জড়ো হবেন।”

সার্ক সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোর ‘বহুজাতিক কোম্পানির স্বার্থ সুরক্ষার প্রবণতা ও আঞ্চলিকতাবাদ’ পরিহার করে দারিদ্র বিমোচন, শিক্ষা, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষার বিষয়গুলো গুরুত্ব দিতে সংবাদ সম্মেলন থেকে আহ্বান জানানো হয়।   

সম্মেলনে জানানো হয়, এসব বিষয় নিয়ে বিভিন্ন দেশের নাগরিক সমাজের সঙ্গে আলোচনার পর সার্ক কর্তৃপক্ষের কাছে ঘোষণাপত্র তুলে দেয়া হবে।

ইক্যুইটিবিডির কর্মকর্তা সৈয়দ আমিনুল হক জানান, বাংলাদেশ প্রতিনিধিরা নিজ উদ্যোগে নেপালে গিয়ে অন্তত ১০টি সেমিনারে অংশ নেবেন। সার্ক সম্মেলন শুরুর আগেই এসব সেমিনার সম্পন্ন হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বাংলাদেশের নাগরিক প্রতিনিধি দলের পক্ষ থেকে সার্ক ফুড ব্যাংককে কার্যকর, কৃষিতে পারস্পরিক সহায়তা বৃদ্ধি, সমতার ভিত্তিতে আঞ্চলিক পানি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ‘ঢাকা-থিম্পু ঘোষণার’ বাস্তবায়ন, সামরিক খাতে বরাদ্দ কমিয়ে মানবিক খাতে বাড়ানোসহ আরো কয়েকটি দাবি তুলে ধরা হবে।