২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ রায়: প্রতিক্রিয়া প্রকাশে ইইউকে সতর্ক হওয়ার পরামর্শ

যুদ্ধাপরাধীদের রায় নিয়ে ভবিষ্যতে বিবৃতি দেয়ার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2014, 12:37 AM

Updated : 22 Aug 2022, 07:52 PM

বৃহস্পতিবার ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন দূত পিয়েরে মায়ইউদো পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সৌজন্য সাক্ষাতে গেলে পররাষ্ট্রমন্ত্রী তাকে এই পরামর্শ দেন।

পররাষ্ট্রমন্ত্রী মায়ইউদোকে বলেন, “বৈশ্বিকভাবে মৃত্যুদণ্ডের ব্যাপারে ইইউ’র একটা বিশেষ অবস্থান রয়েছে। কিন্তু বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারের রায় প্রকাশের পর এ ধরনের বিবৃতি প্রদান করা অবশ্যই সমুচিত হয়নি।

“ভবিষ্যতে ইইউ আরও সচেতনভাবে তাদের মতামত প্রকাশ করবে যাতে যুদ্ধাপরাধীদের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষে ইইউ পার্লামেন্টের রেজ্যুলেশনের আলোকে তাদের সমর্থন সুস্পষ্টভাবে প্রকাশ পায়।”

এ প্রসঙ্গে ইইউ রাষ্ট্রদূতও একমত পোষণ করে বলেন, “ইইউ বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া সমর্থন করে।”

গত ২৯ অক্টোবর ট্রাইব্যুনালের এক রায়ে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড ঘোষণার পর উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয় ইউরোপীয় ইউনিয়ন।

বিভিন্ন মহল থেকে তাদের এ অবস্থানের সমালোচনা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এর সমালোচনা করে মানবাধিকার প্রশ্নে পশ্চিমাদের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন।

ইউরোপের দেশগুলো মৃত্যুদণ্ডের বিরোধী। তবে বাংলাদেশের আইনে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।

বৈঠকে রাষ্ট্রদূত মায়ইউদো বাংলাদেশের জন্য ইইউ’র আগামী সাত বছরের উন্নয়ন কর্মসূচি সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীকে আবুল হাসান মাহমুদ আলীকে অবহিত করেন।

তিনি বলেন, “এ সহায়তা আগের চেয়ে প্রায় ৭০ ভাগ বৃদ্ধি পেয়েছে এবং কর্মসূচিটি বাংলাদেশ সরকারের ভিশন ২০২১ ও ছয় বছর মেয়াদী জাতীয় উন্নয়ন পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ।”

রাষ্ট্রদূত জানান, তিনটি বিষয়ে ইইউ’র নতুন গৃহীত কর্মসূচিটি গুরুত্ব দেবে। এগুলো হলো- শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, পুষ্টি ও স্বাস্থ্যখাত এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরি। 

এছাড়া সমুদ্র অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, জৈব-নিরাপত্তা, শান্তিরক্ষা, মানবনিরাপত্তাসহ অন্যান্য বিষয়েও বাংলাদেশ এবং ইইউ’র মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারকরণের ব্যাপারে ইইউ আগ্রহী বলে  জানান তিনি।

মায়ইউদো আরও জানান, বাংলাদেশ সরকারের বাণিজ্য বহুমুখীকরণের প্রচেষ্টা, বিশেষ করে জাহাজ নির্মাণ, ঔষধশিল্প ও তথ্যপ্রযুক্তি খাতে ইইউ সহায়তা দিতে আগ্রহী।

ইইউ’র এসব উদ্যোগ বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।