‘কারিগরি শিক্ষায় শিক্ষিতরা বেকার থাকেন না’
কারিগরি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনায় শরীক হয়ে উন্নয়নের গতিধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কারিগরি শিক্ষায় যারা শিক্ষিত হয়ে উঠেন তারা কখনেই বেকার থাকেন না। কারণ তারা তাদের কর্মক্ষেত্রে দুই হাতকেই কাজে লাগিয়ে থাকেন।”
বিদেশে শ্রম বাজারে কারিগরি শিক্ষার দাম বেশি উল্লেখ করে মন্ত্রী বলেন, “এ শিক্ষায় শিক্ষিতরাই মূলত বিদেশে গিয়ে বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন ঘটাচ্ছেন। ফলে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম।”
কর্মমুখী শিক্ষার গুরুত্ব শীর্ষক আলোচনা সভা, নবীন বরণ, ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতি শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এমএ সাত্তার বলেন, “দেশের মানুষকে বেকারমুক্ত রাখার উদ্দেশ্য নিয়ে ৩৬ বছর আগে এ প্রতিষ্ঠানের জন্ম। এ প্রতিষ্ঠান থেকে হাজার হাজার শিক্ষার্থী বের হয়ে নিজ কর্মক্ষেত্রে আজ প্রতিষ্ঠিত। এ গর্ব সবার।”
২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলোদেশ গড়ার স্বপ্ন পূরণে শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে বলে দাবি করেন সাত্তার।
অনুষ্ঠানে বক্তব্য দেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আব্দুল হক তালুকদার, স্টেপ প্রকল্প’র কর্মকর্তা একেএম আব্দুল্লাহ হিল বাকী, স্থানীয় সাবেক ওয়ার্ড কমিশনার শেখ বজলুর রহমান, শিক্ষক ফরিদ উদ্দিন প্রমুখ।
এতে নবীনদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার পাশপাশি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেওয়া হয়। পরে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই গান, নৃত্য পরিবেশন করেন।
