২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা স্বীকারই করেননি, হাসিনা করলেন উৎখাত: বীণা সিক্রি

ক্ষমতায় থাকার সময় খালেদা জিয়া যাদের অস্তিত্বই স্বীকার করেননি, সেই জঙ্গি ও ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশ থেকে উৎখাতে শেখ হাসিনার সাফল্যের প্রশংসা করলেন ঢাকায় দেশটির সাবেক হাই কমিশনার বীণা সিক্রি।   

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নূরুল ইসলাম হাসিব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 11:27 PM

Updated : 13 Oct 2022, 12:47 PM

বুধবার ঢাকায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে একান্ত আলাপচারিতায় এই কূটনীতিক ঢাকায় তার দায়িত্ব পালনের সময় চ্যালেঞ্জিং বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরতে গিয়ে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর প্রশংসা করেন তিনি।  

ভারত ও বাংলাদেশের হাই কমিশনারদের প্রথম সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে এসেছেন ভারতের প্রথম এই নারী রাষ্ট্রদূত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও ইন্ডিয়া-বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হবে এই সম্মেলন, যেখানে দুই দেশের সাবেক ও বর্তমান হাই কমিশনাররা বক্তব্য রাখবেন।

২০০৩ সালে ডিসেম্বর থেকে ২০০৬ সালের নভেম্বর পর্যন্ত ঢাকায় দায়িত্ব পালনের সময়ই বীণা সিক্রি দেখেছেন এদেশে জামায়াতুল মুজাহিদিনের (জেএমবি) উত্থান, যে সংগঠনটি পরে নিষিদ্ধ হয়েছে।

সারা বাংলাদেশে একযোগে বোমা হামলা এবং ১০ ট্রাক অস্ত্রের চালান ধরা পড়ার মতো ঘটনাও ঘটেছে ভারতীয় এই কূটনীতিকের চোখের সামনে।

ভারতের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন ও সন্ত্রাসীরা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে কার্যকলাপ চালাচ্ছে, সে সময় ভারতের পক্ষ থেকে এমন অভিযোগ প্রায়ই করা হত।

আট বছর পর যখন আবার ঢাকায় এলেন, তখন তার দেশের পশ্চিমবঙ্গের বর্ধমানের একটি বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় দুই দেশেই তোলপাড় চলছে।

ভারতীয় গোয়েন্দারা দাবি করেছে, ওই বাড়িটি জেএমবি বোমা তৈরির কারখানা হিসেবে ব্যবহার করছিল।

Image
ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকায় নিজের কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বীণা সিক্রি বলেন, “সন্ত্রাসবাদই ছিল সে সময়ের সবচেয়ে বড় ইস্যু। বিএনপি-জামায়াত জোট বিষয়টি অস্বীকার করায় বিষয়টি চ্যালেঞ্জিংও ছিল।”

তবে ২০০৯ সালে ক্ষমতায় আসার পর শেখ হাসিনা সন্ত্রাসের মূলোৎপাটন করতে সক্ষম হওয়ায় তাকে ধন্যবাদ জানান ভারতীয় এই কূটনীতিক।

বাংলাদেশে দায়িত্বপালনের সময় দুটি মূল ইস্যু ছিল জানিয়ে বীণা সিক্রি বলেন, “একটি ছিল বাংলাদেশে ঘাঁটি করে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর কর্মকাণ্ড চালানো এবং অন্যটি ছিল বাংলাদেশের নিজস্ব জঙ্গি সমস্যা।

“সে সময় বিএসএফ-বিডিআরের মধ্যকার বৈঠকগুলোতে আমরা সব সময়ই বাংলাদেশে ভারতীয় সন্ত্রাসীদের ঘাঁটি থাকার তথ্য দিতাম। পাশাপাশি বাংলাদেশি সন্ত্রাসী দলগুলো এবং পাকিস্তানভিত্তিক উগ্র দলগুলোর বাংলাদেশি ভূখণ্ড ব্যবহার নিয়েও আলোচনা হত।”

তার মেয়াদেই বাংলাদেশে জেএমবির উত্থান হওয়ার বিষয়টি তুলে ধরে বীণা সিক্রি বলেন, “নব্বই দশকের শেষদিকে এটি গঠিত হয় এবং যুক্তরাষ্ট্রে নাইন-ইলেভেনের পর আফগানিস্তান থেকে তালেবানরা উৎখাত হলে তাদের সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশিরা ফিরে এসে পুনরায় সংগঠিত হয়।”

জেএমবির নৃশংসতা এবং তৎকালীন সরকারের জঙ্গি সংগঠনটির অস্তিত্ব অস্বীকার কথা স্মরণ করে তিনি বলেন, সে সময়ের মন্ত্রী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামী বাংলাদেশে জেএমবির অস্তিত্ব নেই বলে প্রায়ই বক্তব্য দিয়েছেন।

Image
ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

“রাজশাহীতে বাংলা ভাই এখনকার আইএসের মতো মানুষ হত্যা করলেও বিএনপি কখনোই তা স্বীকার করেনি। এ নিয়ে ব্যাপক সমালোচনা এবং সিরিজ বোমা হামলার পর সরকার স্বীকার করতে বাধ্য হয়।”

সন্ত্রাসের বিরুদ্ধে শেখ হাসিনার কঠোর অবস্থানের প্রশংসা করে বীণা সিক্রি বলেন, “খুব শক্ত পদক্ষেপ নিয়েছেন শেখ হাসিনা। বিএনপি বাংলাদেশে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের অবস্থান অস্বীকার করলেও শেখ হাসিনা তা ঠিকই উৎখাত করেছেন।।”

অধিকাংশ জেএমবি সদস্য যে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের সদস্য ছিল, তাও সে সময়ের সরকার মানতে চাইত না বলেও জানান তিনি।

বর্ধমান বিস্ফোরণকে ‘ভয়ঙ্কর’ আখ্যায়িত করে সাবেক হাই কমিশনার বলেন, এ ঘটনার মধ্যে দিয়েই নিষিদ্ধ সংগঠনটির সক্রিয়তা এবং কোনো জায়গা থেকে অর্থ সহায়তা নিয়ে ভারত ও বাংলাদেশকে অস্থিতিশীল করা চেষ্টায় লিপ্ত থাকার বিষয় পরিষ্কার হয়েছে।

বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে সংগঠনটি ভারতে ঘাঁটি করে পুনরায় সংগঠিত হচ্ছে বলেও মনে করেন তিনি।

“এখন আমাদের এর বিরুদ্ধে একসঙ্গে কাজ করতে হবে। এ প্রসঙ্গে শেখ হাসিনা যে আহ্বান জানিয়েছেন, তাকে আমাদের সাধুবাদ জানাতে হবে।

“দুই দেশের সরকার নিরাপত্তা সহায়তা বিষয়ক সব ধরনের নথিতে স্বাক্ষর করেছে। কিন্তু খালেদা জিয়ার সময়ই এটি সম্ভব ছিল না। আমাদের দ্বিপক্ষীয়ভাবে এবং সার্কের মাধ্যমে কাজ করতে হবে।”

ঢাকায় দায়িত্ব পালনকালে নিজের সন্তুষ্টির কথা জানালেও বিভিন্ন চ্যালেঞ্জ, বিশেষ করে সন্ত্রাসবাদের কারণে সময়টা কঠিনও ছিল বলে স্বীকার করেন বীণা সিক্রি।

Image
ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

“তবে এখন সহযোগিতার ধারণাটা আরো বেশি শক্ত হয়েছে। বর্ধমান ইস্যুতেও দুই দেশ একসঙ্গে কাজ করছে। বিজিবি-বিএসএফও আলোচনায় বসবে।

“ভারত-বাংলাদেশের মধ্যেকার সহযোগিতা ও বন্ধুত্ব যে বাড়বে, সেটা আমি দেখতে পাচ্ছি।”

ভারত কখনোই বাংলাদেশকে অস্থিতিশীল করতে তার ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলেও তিনি জোর দিয়ে বলেন।

বীণা সিক্রি স্বীকার করেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের সময় জঙ্গি-সন্ত্রাসীদের ব্যাপারে কিছুটা নমনীয় থাকলেও তারা এখন এর ভয়াবহতা বুঝতে পারছে।

“গত সপ্তাহে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকে মমতা ভুলের কথা এবং পুলিশ যে এসব উৎখাতে সক্রিয় ছিল না, তা স্বীকার করেছেন। এখন তিনি একে বড় ধরনের সমস্যা হিসেবেই দেখছেন। এটা ভালো লক্ষণ।”

জেএমবির বিষয়ে পশ্চিমবঙ্গের মানুষের কঠোর মনোভাব রয়েছে বলে জানান তিনি।

নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতের বর্তমান সরকার স্থলসীমান্ত চুক্তি অনুমোদন দেবে বলে আশা প্রকাশ করলেও বীণা সিক্রির পরামর্শ- তিস্তা চুক্তি বাস্তবায়নের আগে যৌথ জরিপ চালানোর।