বন্দরের ঘুষের টাকা পায় মন্ত্রী-সংসদীয় কমিটি, অভিযোগ মহিউদ্দিনের
চট্টগ্রাম বন্দর থেকে ঘুষের অর্থ মন্ত্রী ও সংসদীয় কমিটি পর্যন্ত যায় বলে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
বন্দরের বার্থ অপারেটর সাইফ পাওয়ারটেকের বিরুদ্ধে আন্দোলনকারী ক্ষমতাসীন দলের এই নেতা সোমবার এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন।
সাইফ পাওয়ারটেকের বিরুদ্ধে ‘বন্দর রক্ষা পরিষদ’ গড়ে মহিউদ্দিন চৌধুরী ‘ব্যক্তিস্বার্থে’ আন্দোলন করছেন বলে সংসদীয় কমিটির সদস্যরা বলে আসছিলেন।
‘অবৈধ সাইফ পাওয়ার টেক হটাও, চট্টগ্রাম বন্দর বাঁচাও’ স্লোগানে গত চার মাস ধরে চলা আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি জানাতে সংবাদ সম্মেলনে এসে নৌমন্ত্রী ও সংসদীয় কমিটির বিরুদ্ধে অভিযোগেড়র আঙুল তোলেন মহিউদ্দিন।
তিনি বলেন, “সাইফ পাওয়ারটেক হল কুলির সর্দার। একজন কুলির সর্দার কী করে মন্ত্রীকে হুমকি দেয়? মন্ত্রী পাগল হয়ে যায়। চেয়ারম্যানকে হুমকি দেয়, চেয়ারম্যান পাগল হয়ে যায়। সংসদীয় কমিটিকে হুমকি দেয়।
“হুমকি দিলে মন্ত্রী, চেয়ারম্যান, সংসদীয় কমিটি পাগল হয়ে যায় কেন? তারা পক্ষাবলম্বন করে কেন? কারণ টাকা পায় তাই। সুকৌশলে তারা পক্ষ নেয়।”
চট্টগ্রাম বন্দরের সিসিটি ও এনসিটি (আংশিক) জেটি পরিচালনা করছে সাইফ পাওয়ারটেক। প্রতিষ্ঠানটিকে অবৈধভাবে কাজ দেওয়া হয়েছে বলে অভিযোগ ‘বন্দর রক্ষা পরিষদ’র, যার আহ্বায়ক চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন।
শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে সাইফ পাওয়ারেটেক ১০০ টাকা পেলে ১০ টাকা শ্রমিকদের দেয় দাবি করে মহিউদ্দিন বলেন, “বাকি ৯০ টাকা চোর-বাটপাররা মিলে ভাগ করে নেয়। সবাইকে ঘুষ দেওয়া হয়।
“কত লোককে ঘুষ দিতে পারবেন? চট্টগ্রামের অধিকাংশ লোক বন্দরের পক্ষে আছে।”
চট্টগ্রাম বন্দরে ঘুষ লেনদেনের চিত্র তুলে ধরে এই বছরের জুলাই মাসে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক প্রতিবেদনে বলা হয়, প্রতিদিন সেখানে অবৈধ লেনদেনের পরিমাণ অর্ধ কোটি টাকা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মহিউদ্দিন বলেন, “বন্দর চেয়ারম্যান গতকাল একটি চিঠি দিয়ে জানিয়েছেন, আমার প্রস্তাব অনুসারে চট্টগ্রামের দুই জন মন্ত্রী ও গণমাধ্যমের সামনে আন্দোলনের বিষয় নিয়ে বন্দর উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠানে নৌমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।
“এ বিষয়ে স্পষ্ট বলতে চাই, বন্দরে সংগঠিত দুর্নীতি-অনিয়ম-লুটপাট বিষয়ে আমার প্রস্তাব অনুসারে এজেন্ডা ভিত্তিক বৈঠক করতে চাই। অন্যথায় নয়।”
বন্দরের অনিয়ম-দুর্নীতি নিয়ে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা না হলে বন্দর সচল রেখেই ঘেরাও এবং অবরোধের মতো কর্মসূচি দেওয়ার হুমকিও দিয়েছেন মহিউদ্দিন।
সাইফ পাওয়াটেককে কালো তালিকাভুক্ত করার দাবি তুলে বন্দর রক্ষা পরিষদ নিয়ে মহিউদ্দিন মাঠে নামলে তার বিরোধিতা আসে চট্টগ্রামের সংসদ সদস্যদের মধ্য থেকে। তারা বলেন, মহিউদ্দিন ব্যক্তিস্বার্থে এই আন্দোলন চালিয়ে বন্দর অস্থিতিশীল করার পাঁয়তারা করছেন।
এই অভিযোগ পেয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি গত মাসেই বলছে, তারা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বিষয়টি সুরাহার চেষ্টা করবে।
তবে সংসদীয় কমিটির একজন সদস্য বলেন, মহিউদ্দিন চৌধুরী বন্দর অস্থিতিশীল করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করছেন।
সংসদ সদস্যদের নালিশের প্রতিক্রিয়ায় মহিউদ্দিন নেতৃত্বাধীন বন্দর রক্ষা পরিষদ বিবৃতি দিয়ে বলেছিল, সংসদীয় কমিটির বক্তব্য দুর্নীতিকে উৎসাহিত করবে।
সংবাদ সম্মেলনে মহিউদ্দিনের সঙ্গে ছিলেণ পরিষদের যুগ্ম আহ্বায়ক বন্দর শ্রমিক নেতা ওয়াহিদুল্লাহ সরকার, আবদুল আহাদ, শ্রমিক নেতা ওয়াহিদুল্লাহ সরকার, নগর আওয়ামী লীগ নেতা বদিউল আলম ও জহুর আহমদ, ন্যাপ নেতা আলী আহমদ নজির, সাম্যবাদী দলের নেতা অমূল্য বড়ুয়া।
