২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফ পাওয়ার: এক মাস সময় বেঁধে দিলেন মহিউদ্দিন

চট্টগ্রাম বন্দরের বেসরকারি বার্থ অপারেটর সাইফ পাওয়ার টেককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বন্দর কর্তৃপক্ষকে এক মাসের সময় বেঁধে দিয়েছেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 10:00 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

বন্দর রক্ষা পরিষদের আহ্বায়ক ও নগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন চৌধুরী বুধবার বিকালে নগরীর লালদীঘি মাঠে আয়োজিত এক জনসভা থেকে এই সময় বেঁধে দেন।

জাসদের কার্যকরী সভাপতি সাংসদ মাঈনুদ্দিন খান বাদল জনসভায় বলেন, বন্দরের খরচ ও ‘বিনা টেন্ডারে’ সাইফ পাওয়ার টেকের কাজ পাওয়ার বিষয়ে জানতে শিগগিরই বন্দর কর্তৃপক্ষকে সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে ডাকা হবে।

মহিউদ্দিনের বেঁধে দেয়া এক মাস সময়ের মধ্যে সাইফ পাওয়ার টেকের বিষয়ে বিচার বিভাগীয় তদন্তেরও দাবি জানান সাংসদ বাদল।

২০০৬ সালে বন্দরের বার্থ অপাটের হিসেবে সাইফ পাওয়ার টেকের নিয়োগ প্রক্রিয়া নিয়ে গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআইকে তদন্ত করার আহ্বান জানান দুই নেতা। পাশাপাশি বন্দরের কনটেইনার টার্মিনাল পরিচালনায় উন্মুক্ত দরপত্র আহ্বানেরও দাবি জানান তারা।

বেসরকারি বার্থ অপারেটর প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক লিমিটেড চট্টগ্রাম বন্দরের সিসিটি (চিটাগাং কন্টেইনার টার্মিনাল), এনসিটির আংশিক (নিউ মুরিং কনটেইনার টার্মিনাল) ও আইসিডি (ইনল্যান্ড কনটেইনার ডিপো) পরিচালনা করে।

প্রতিষ্ঠানটিকে বিনা দরপত্রে ওই কাজ পাইয়ে দেয়ার অভিযোগে ‘চট্টগ্রাম বন্দর বাঁচাও, সাইফ পাওয়ার টেক হঠাও’ শ্লোগান নিয়ে বুধবারের জনসভার আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন চৌধুরী বলেন, “এক-এগারোর সময় অন্যায়ভাবে সাইফ পাওয়ার টেক বন্দরে প্রবেশ করেছে। রেজিস্ট্রেশনবিহীন এ সংস্থাকে তিনটি বার্থের কাজ দেয়া হয়েছে।

“অন্য অপারেটরদের বাদ দিয়ে তারা সব গ্রাস করেছে। পাকিস্তানের এজেন্ট এই মাফিয়াকে চট্টগ্রাম বন্দরে অবাঞ্ছিত ঘোষণা করছি।”

চট্টগ্রাম বন্দরের বার্থ অপারেটিংয়ের মোট কাজের ৭৫ শতাংশ সাইফ পাওয়ার টেকের নিয়ন্ত্রণে দাবি করে মহিউদ্দিন বলেন, “জাতীয় গুরুত্বপূর্ণ সংস্থা বন্দরের সব তথ্য সাইফ পাওয়ার টেকের ‍মাধ্যমে ফাঁস হচ্ছে।”

বন্দরের জন্য চীন থেকে তিনটি জাহাজ কেনার ক্ষেত্রে বন্দর চেয়ারম্যান ৫০ কোটি টাকার দুর্নীতি করেছেন বলেও অভিযোগ করেন চট্টগ্রামের সাবেক মেয়র।

এনসিটি পরিচালনায় দরপত্র ডাকার আহ্বান জানিয়ে মহিউদ্দিন বলেন, এর মাধ্যমে দক্ষ কোনো বিদেশি সংস্থা এলে তাদের কাজ দেয়া যেতে পারে। তবে বন্দরের মোট ৯১ শতাংশ নিয়ন্ত্রণ বন্দর কর্তৃপক্ষের হাতে রাখতে হবে।

বন্দর কর্তৃপক্ষের উদ্দেশ্যে মহিউদ্দিন বলেন, “আমি হজে যাচ্ছি। এক মাসের সময় দিয়ে গেলাম। ব্যবসায়ী, বন্দর ব্যবহারকারীদের কারো ক্ষতি করবেন না। এক মাস পর লালদীঘি মাঠ থেকেই আবার কর্মসূচি দেব।”

সাংসদ মাঈনুদ্দিন খান বাদল বলেন, “সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য হিসাবে আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি- বন্দরের কতো টাকা কীভাবে খরচ হয়েছে তার হিসেব দিতে হবে।

বন্দর কর্তৃপক্ষের উদ্দেশ্যে তিনি বলেন, “শিগগিরই ডাকা হবে। বিনা টেণ্ডারে সাইফ পাওয়ার টেককে কাজ চালিয়ে দিতে যাচ্ছেন কেন, তা জানতে চাওয়া হবে। তখন সরকারের মধ্যে প্রশ্ন উঠবে- সাইফ পাওয়ার টেকটা কী। ২০০৬ সালে কাদের সময়ে ভুতের মতো সাইফ পাওয়ার আবির্ভাব হয়।”   

নৌ পরিবহন মন্ত্রীর উদ্দেশ্যে বাদল প্রশ্ন করেন, “বন্দরটা কি শুধু সাইফ পাওয়ার টেকের? যারা মাথার ঘাম পায়ে ফেলে বন্দর চালায় তারা স্টেক হোল্ডার না? কার কথা শুনছেন?”

বন্দরের শ্রমিক নেতা মাহফুজুর রহমান খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, জাসদ নেতা জসিম উদ্দিন বাবুল, ওয়ার্কার্স পার্টির নেতা আবু হানিফ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী, বন্দর শ্রমিক নেতা ওয়াহিদুল্লাহ সরকার ও আবদুল আহাদ জনসভায় বক্তব্য দেন।