২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিউদ্দিনের আন্দোলন ‘ব্যক্তি স্বার্থে’: এমপি সামশুল

‘ব্যক্তিস্বার্থ উদ্ধারে’ চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী ‘বন্দর রক্ষার’ আন্দোলন করছে বলে সংসদীয় কমিটির কাছে অভিযোগ করেছেন চট্টগ্রামের কয়েকজন সংসদ সদস্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2014, 12:24 AM

Updated : 22 Aug 2022, 07:06 PM

অভিযোগের পর সংসদীয় কমিটি জানিয়েছে, এনিয়ে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ‘জরুরি’ বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি রফিকুল ইসলাম বীর উত্তমের পক্ষে সংবাদ সম্মেলন করেন কমিটির সদস্য মো. আব্দুল হাই।

তিনি বলেন, “সাইফ পাওয়ার টেকের কার্যক্রম নিয়ে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর আন্দোলন সম্পর্কে কমিটির কাছে অভিযোগ এসেছে। এর পরিপ্রেক্ষিতে কমিটি সিদ্ধান্ত নিয়েছে, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন সে অনুযায়ী কাজ করা হবে।”

“চট্টগ্রামের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী এ বিষয়ে কমিটির কাছে লিখিত বক্তব্য দিয়েছেন। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিটি জরুরি বৈঠক করে।”

অন্য কোন প্রতিষ্ঠানের পক্ষে মহিউদ্দিন চৌধুরী কাজ করছেন কিনা জানতে চাইলে আব্দুল হাই বলেন, “তদন্ত না করে আমরা কিছু বলতে পারছি না। তবে কিছু বিষয় তো আছে।”

বেসরকারি বার্থ অপারেটর প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক লিমিটেড চট্টগ্রাম বন্দরের সিসিটি (চিটাগাং কন্টেইনার টার্মিনাল), এনসিটির আংশিক (নিউ মুরিং কনটেইনার টার্মিনাল) ও আইসিডি (ইনল্যান্ড কনটেইনার ডিপো) পরিচালনা করে।

গত বুধবার সাইফ পাওয়ার টেককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বন্দর কর্তৃপক্ষকে এক মাসের সময় বেঁধে দেন মহিউদ্দিন, যিনি বন্দর রক্ষা পরিষদের আহ্বায়কও।

প্রতিষ্ঠানটিকে বিনা দরপত্রে কাজ পাইয়ে দেয়ার অভিযোগে ‘চট্টগ্রাম বন্দর বাঁচাও, সাইফ পাওয়ার টেক হঠাও’ স্লোগান নিয়ে এক জনসভায় এই ‘আল্টিমেটাম’ দেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন।

সংসদীয় কমিটির সদস্য আনোয়ারুল আজিম আনার সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের একটি লিখিত বক্তব্য দেন।

ওই বক্তব্যে বলা হয়, “চট্টগ্রাম বন্দরের কষ্টার্জিত সুনাম নষ্ট এবং উন্নয়ন বাধাগ্রস্ত করতে সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বন্দর রক্ষার নামে আন্দোলন করছেন, যা প্রকারান্তরে দেশের ভাবমূর্তিকেও ব্যাপকভাবে ক্ষুণ্ন করছে।”

“স্বার্থান্বেষী মহল দ্বারা প্রভাবিত ও ব্যক্তিস্বার্থ উদ্ধারে বেপরোয়া এবিএম মহিউদ্দিন চৌধুরীর এই আন্দোলন দেশ ও জাতির স্বার্থের পরিপন্থী। এধরণের ঘৃণ্য অপতৎপরতার সাথে জড়িত সকল স্বার্থান্বেষী মহলকে দ্রুত চিহ্নিত করে তাদের স্বরূপ উন্মোচন করা জাতির বৃহত্তর স্বার্থে আবশ্যক হয়ে পড়েছে।”

এতে আরো বলা হয়, “এভারেস্ট এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দরের জিসিবি এলাকায় কন্টেইনার হ্যান্ডলিং করে। কন্টেইনার প্রতি ৪৪৫ টাকার কাজ ৯০০ টাকায় করে বন্দরের বিপুল পরিমাণ অর্থ লুটপাট করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এর ফলে প্রতি মাসে বন্দরের ৫০ লাখ অর্থাৎ বছরে ৬ কোটি টাকা ক্ষতি হচ্ছে।

সংসদীয় কমিটির বৈঠকে চট্টগ্রামের সংসদ সদস্য আফসারুল আমীন ও এবিএম ফজলে করিম চৌধুরীও উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

সাইফ পাওয়ার: এক মাস সময় বেঁধে দিলেন মহিউদ্দিন
বন্দরের ‘অরাজক’ পরিস্থিতি না দেখার ভান করছে মন্ত্রণালয়