২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত খুন: রানার জামিন আবেদন নাকচ

নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় গ্রেপ্তার র‌্যাবের সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানার জামিন আবেদন নাকচ করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2014, 05:49 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

রোববার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিকারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে তার পক্ষে খুলনা জজ কোর্ট ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফরহাদ আব্বাস জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তা নাকচ করে দেয়।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস জুয়েল জানান, রানার পক্ষে খুলনা জজ কোর্ট ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফরহাদ আব্বাস জামিনের আবেদন করেন।

Image
গত ৩০ এপ্রিল লাশ উদ্ধারের ছবি

গত ৩০ এপ্রিল লাশ উদ্ধারের ছবি

আদালতে মামলার শুনানিতে অংশ নিয়ে জামিনের বিরোধিতা করেন বাদীপক্ষের আইনজীবী জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াৎ হোসেন, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস জুয়েলসহ অর্ধশতাধিক আইনজীবী। দুপক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে দেন।

রোববার এই মামলার নির্ধারিত কোনো তারিখ ছিল না বলে জানান তিনি।

সাত খুনের ঘটনায় এ পর্যন্ত র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও র‌্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্প অফিসের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানাসহ ২৪ জনকে গ্রেপ্তোর করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন ও এম এম রানাসহ ১১ র‌্যাব সদস্যসহ ১৩ জন হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আরো ১১  র‌্যাব সদস্যসহ ১৬ জন আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং নারায়ণগঞ্জ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাত জন অপহৃত হন। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

এই ঘটনায় নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও  চন্দন সরকারের মেয়ে জামাই ডা. বিজয় কুমার পাল বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন।

এই ঘটনায় আসামিদের পক্ষে না লড়ার সিদ্ধান্ত নেয় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি।