যুগান্তরের বিরুদ্ধে পাউবো ডিজির মামলা
প্রকাশিত কয়েকটি প্রতিবেদনকে কেন্দ্র করে দৈনিক যুগান্তরের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে ২০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (ডিজি) মো. সহিদুর রহমান।
ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে বুধবার করা এই মামলায় যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম, প্রকাশক সালমা ইসলাম এবং প্রতিবেদক নেসারুল হক খোকনকে বিবাদী করা হয়েছে।
আরজি গ্রহণ করে বিচারক ফজলে এলাহী ভূঁইয়া বিবাদীদের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন। বিবাদীরা সমন পেলেন কি না, তা জানতে আগামী ৩০ নভেম্বর মামলার পরবর্তী কার্যক্রমের দিনও ঠিক করে দিয়েছেন তিনি।
গত ২৬ অক্টোবর ‘ভুয়া মুক্তিযোদ্ধা সহিদুর পাউবোর ডিজি : তদন্তে দুদক’, ৩০ অক্টোবর ‘বদলি বাণিজ্যে পাউবো ডিজির রেকর্ড, ঘুষ নিয়ে দুই প্রকৌশলীর হাতাহাতি, পরের দিন ‘সংসদীয় কমিটিতে পাউবোর ডিজিকে তুলোধোনা’, ৩ নভেম্বরে ‘এক বদলিতেই ৫০ লাখ টাকা ঘুষ’ শিরোনামে খবর ছাপা হয় যুগান্তরে।
সহিদুর বলেছেন, ‘মিথ্যা’ এসব খবর দেখে সংবাদপত্রটিতে প্রতিবাদপত্র পাঠান তিনি। নিজের মুক্তিযোদ্ধার সনদ এবং মুক্তিযোদ্ধা হিসাবে সব প্রমাণও পাঠিয়ে দেন তিনি। কিন্তু তার প্রতিবাদপত্র প্রকাশ করা হয়নি।
আরজিতে আরও বলা হয়, যুগান্তরে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজাকার ও শান্তি কমিটির চেয়ারম্যান হিসাবে বাদীর বাবাকে চিহ্নিত করা হয়। অথচ বাদীর বাবা মুক্তিযুদ্ধের আগে ১৯৬৭ সালে মারা যান।
এই মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসাবে কাজ করছেন মনিরুজ্জামান হাওলাদার।
এর আগে গত সোমবার দৈনিক যুগান্তরের অনলাইন সংস্করণ এবং ফেইসবুক ফ্যান পেইজে অশ্লীল ও মানহানিকর তথ্য পরিবেশনের অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে সাইবার ট্রাইব্যুনাল এ একই বিবাদীদের বিরুদ্ধে মামলা করেন পাউবোর এই মহাপরিচালক।
ওই মামলায় বাদীর জবানবন্দি গ্রহণ করা হলেও ট্রাইব্যুনালের বিচারক কোনও আদেশ দেননি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তার আইনজীবী মনিরুজ্জামান।
