২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধরে থানায় নেওয়ার পর জানা গেল, তিনিও পুলিশ

রাজধানীতে এক ব্যক্তিকে ধরে থানায় নেওয়ার পর পুলিশ কর্মকর্তা জানলেন, যাকে তিনি ধরেছেন তিনি তার বাহিনীরই কর্মকর্তা।

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 08:40 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

শেরে বাংলা নগর এলাকায় কর্মরত পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ রোববার বিকাল সাড়ে ৫টার দিকে চন্দ্রিমা উদ্যানের পাশে উড়োজাহাজ ক্রসিং থেকে এক ব্যক্তিকে ধরে থানায় নিয়ে যান।

যাকে তিনি শেরে বাংলা নগর থানায় নিয়ে গিয়েছিলেন তার নাম মনিরুল ইসলাম। তিনি চট্টগ্রাম পুলিশ দপ্তরের আইন শাখার উপপরিদর্শক।

তবে আটকের সময় তার এই পরিচয় জানতেন না পরিদর্শক কালাম। তাকে টেনে-হিঁচড়ে গাড়িতে তুলেছিলেন তিনি।

মনিরুল থানায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলাম। এসময় শেরে বাংলানগর থানা পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ হঠাৎ করে কোনও কারণ ছাড়াই আমার শার্টের কলার ধরে অকথ্য ভাষায় গালাগাল করে থানার গাড়িতে করে নিয়ে আসে।”

গত ৫ অক্টোবর থেকে ছুটি নিয়ে ঢাকায় আসা মনিরুল এরপর নিজের পরিচয় দেন থানার কর্মকর্তাদের কাছে। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়।

শেরে বাংলানগর থানার ওসি জি জি বিশ্বাস বলেন, “দুই পক্ষের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল। এটি সাধারণ ঘটনা।”

পরিদর্শক (পেট্রোল) আবুল কালাম আজাদ জানান, বিকালে রাষ্ট্রপতির গাড়িবহর উড়োজাহাজ ক্রসিং অতিক্রমের সময় রাস্তা পার হওয়ার চেষ্টা করেছিল মনিরুল।

“সংকেত অমান্য করে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে তাকে বাধা দেওয়া হয়। তারপরও তিনি পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করলে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।”

“থানার নেয়ার পর জানা যায় তিনি চট্টগ্রাম পুলিশের উপপরিদর্শক। তখন তাকে আটক না দেখিয়ে মুচলেকার বিনিময়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়,” বলেন কালাম।