২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘লস্কর ই তৈয়বার কাছে প্রশিক্ষণের পরিকল্পনা’

গ্রেপ্তার হরকাতুল জিহাদের (হুজি) দুই সদস্য জঙ্গি প্রশিক্ষণের জন্য পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা করেছিলেন বলে পুলিশ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 06:37 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

সেখানকার জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈয়বার কাছ থেকে প্রশিক্ষণ নিতে এরইমধ্যে একজন পাকিস্তানের ভিসা পেয়ে গেছেন বলে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার পোস্তগোলা সেতু এলাকা থেকে গ্রেপ্তার হরকাতুল জিহাদ সদস্য মো. আবদুল্লাহ, মো. রিদওয়ান ও মো. সাইফুল ইসলাম ওরফে রিপনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ তথ্য জানতে পেরেছেন।

মনিরুল ইসলাম বলেন, “আব্দুল্লাহ ও রিদওয়ান পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বার কাছ থেকে প্রশিক্ষণ নিতে সেখানে যাওয়ার পরিকল্পনা করেছিল। এরপর দেশে ফিরে বা অন্য কোথাও ‘কথিত জিহাদে’ অংশ নেওয়ার প্রয়োজন হলে তারা সেখানে যাওয়ার পরিকল্পনাও করেছিল।”

গত ২৫ অক্টোবর গ্রেপ্তার হুজি নেতা মাওলানা রফিক ওই দুজনকে পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা করার আশ্বাস দিয়েছিলেন বলে জানান তিনি।

রিদওয়ান এরইমধ্যে পাকিস্তানের ভিসা পেয়ে গেছেন বলে জানান গোয়েন্দা কর্মকর্তা মনিরুল।

মাওলানা রফিক ও তার সঙ্গে গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আব্দুল্লাহ, রিদওয়ান ও রিপনকে ধরা হয় বলে জানান তিনি।

হুজির এই সদস্যরা ঢাকার দুটি জায়গায় বোমা তৈরি করতেন জানিয়ে তিনি বলেন, “তাদের ল্যাবরেটরিতে প্রায় ৫৫ ধরনের বোমা তৈরির সরঞ্জাম ছিল।”

গ্রেপ্তার রিপন ওই ‘ল্যাবরেটরি’র একটিতে সহকারী হিসেবে কাজ করার কথা স্বীকার করেছেন বলে জানান মনিরুল।

তিনি বলেন, “জঙ্গিরা আগে বিচ্ছিন্নভাবে কাজ করলেও এখন সাংগঠনিক প্রয়োজনে বাংলাদেশ জিহাদি গ্রুপ নামের নতুন প্লাটফর্ম করে কাজ করতে চাইছে।”

জঙ্গিদের বিষয়ে ভারত কোনো তথ্য দিলে তাও যাচাই-বাছাই করে দেখা হবে বলে জানান তিনি।

এছাড়া জঙ্গিদের অর্থের যোগানদাতাদের খুঁজে বের করতে গোয়েন্দারা কাজ শুরু করছে বলেও কর্মকর্তারা জানিয়েছেন।

ব্রিফিংয়ে অন্যদের মধ্যে গোয়েন্দা পুলিশের উপকমিশনার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর, শেখ নাজমুল আলম ও মো. মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

রাজধানীতে ৩ ‘হুজি’ সদস্য আটক